রবি-যাত্রাপালা প্রতিযোগিতার প্রাথমিক বাছাই শুরু
দেশের আদি সংস্কৃতি যাত্রাপালা নিয়ে ‘রবি-যাত্রাপালা প্রতিযোগিতা২০১১’-এর প্রাথমিক বাছাই শুরু হয়েছে। মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার তরা ইউনিয়নের জাবরা গ্রামে গত সোমবার থেকে রবি-যাত্রাপালা প্রতিযোগিতার বাছাই কাজ শুরু হয়েছে। সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ এ বি এম আনোয়ারুল হক ও মুঠোফোন প্রতিষ্ঠান রবির প্রধান বিপণন কর্মকর্তা বিদ্যুত্ কুমার বসু।প্রধান অতিথির বক্তব্যে প্রমোদ মানকিন যাত্রাশিল্পের বিকাশে প্রধানমন্ত্রীর ইতিবাচক মনোভাবের কথা উল্লেখ করেন। যাত্রার বিকাশে তিনি কাজ করার প্রতিশ্রুতি দেন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যাত্রাভিশনের চেয়ারম্যান অরুণা বিশ্বাস, ব্যবস্থাপনা পরিচালক মিঠু বিশ্বাস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক আফসার আহমেদসহ আরও অনেকে। আলোচনা অনুষ্ঠান শেষে স্টার যাত্রা ইউনিটের প্রতিযোগিতার পালা ‘জেল থেকে বলছি’ মঞ্চস্থ করা হয়। রবি-যাত্রাপালা প্রতিযোগিতা-২০১১ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যাত্রাভিশন লিমিটেডের প্রধান উপদেষ্টা জ্যোত্স্না বিশ্বাস।