ফাগুনের মৃদু হাওয়া। গাছে গাছে শিমুল, পলাশ আর কৃষ্ণচূড়ার লাল আভা। মেয়েদের পরনে উজ্জ্বল রঙের শাড়ি আর ছেলেদের ফতুয়া-পাঞ্জাবি। সঙ্গে রবীন্দ্রসংগীতের সুরের মূর্ছনা। এ রকম চমত্কার আবহ কার না মনে দোলা দেয়। তাই তো শিল্পী যখন গেয়ে উঠলেন—‘তুমি কি কেবলি ছবি নাকি পটে লেখা নাম’, ‘প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে’, ‘আমার পরান যাহা চায় তুমি তাই, তুমি তাই গো’—তখন হিন্দোল উঠল সবার প্রাণে। বাঙালি সংস্কৃতির প্রতি আরও একবার অনুভূত হলো গভীর টান। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের জাতীয় অধিবেশনের তিন দিনের গোটা আবহটিই ছিল এ রকম। এতে সেমিনার, রবীন্দ্রনাথের চিত্রকলা প্রদর্শনীসহ নানা আয়োজনই ছিল।যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি। মধুকবির জন্মস্থান। এবার সাগরদাঁড়ি আর যশোর শহর মিলে অনুষ্ঠিত হয় তিন দিনের এ সম্মেলন। রবির আলো যেন ছড়িয়ে পড়েছিল মাইকেল মধুসূদন দত্তের ভূমিতে। সম্মিলন পরিষদের এবারের অধিবেশনে যোগ দিয়েছিলেন সারা দেশের ৪৫টি জেলা ও শাখার ৪০০ জন প্রতিনিধি, শিল্পী, কর্মী ও পর্যবেক্ষক।সম্মেলনের আগের রাত থেকে অতিথিরা যশোর শহরে আসতে শুরু করেন। সেই রাত থেকেই উত্সবের আমেজ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। একদিকে টাউন হল মাঠে চলে মঞ্চসজ্জার কাজ, অন্যদিকে উদীচীতে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজ হাতে আঁকা ছবি বাঁধাইয়ের কাজ। উত্তরবঙ্গের শিল্পী ও অতিথিদের ট্রেন এসে থামে ভোর চারটায়। ঢাকার অন্তত দেড় শ জনের তিনটি বাস ও ব্যক্তিগত গাড়ি রাত ১২টার দিকে উদীচীর প্রাঙ্গণে যখন এল, তখন আগত ব্যক্তিদের উচ্ছ্বাস আর ধরে রাখা গেল না। সবার কণ্ঠ থেকে গুনগুনিয়ে গানের সুর ভেসে আসতে থাকে। সেই সুর রবীন্দ্রসংগীতেরই। সুরের আবেশ ছড়িয়ে ছিল রাতভর।সংকটের কল্পনাতে হোয়ো না ম্রিয়মাণ...৪ মার্চ। জাতীয় অধিবেশনের প্রথম দিন। অতিথিরা অনুষ্ঠান প্রাঙ্গণে এলে তন্দ্রা ভট্টাচার্য্য ও অর্চনা বিশ্বাসের নেতৃত্বে অভ্যর্থনা উপপরিষদের কর্মীরা সবার কপালে আবিরের ফোঁটা ও হাতে রজনীগন্ধা-গোলাপের তোড়া দিয়ে তাঁদের বরণ করেন।সম্মেলনে দীপঙ্কর দাস, রওশন আরা রাশু ও মাহবুবুর রহমানের নেতৃত্বে ছিল ১২০ জনের স্বেচ্ছাসেবক দল। যাঁরা ছিলেন অতিথিদের নিরাপত্তার কাজে নিয়োজিত। সঙ্গে ছিল পুলিশ বাহিনীর বিশেষ নিরাপত্তাবলয়। সকাল সাড়ে ১০টায় ‘সংকোচেরও বিহ্বলতায় নিজেরই অপমান—সংকটের কল্পনাতে হোয়ো না ম্রিয়মাণ’—সহস্র কণ্ঠের এ বোধন ও জাতীয়সংগীতের মাধ্যমে শুরু হয় জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ২৯তম জাতীয় অধিবেশন।মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে রাজশাহীর প্রখ্যাত উচ্চাঙ্গসংগীতসাধক অমরেশ রায় চৌধুরী অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে—এ জীবন পূর্ণ করো’ এ গানের সুরে নৃত্যশিল্পীরা হাতে মঙ্গলপ্রদীপ নিয়ে সবার মঙ্গল কামনা করেন।উদ্বোধন ঘোষণার সময় অমরেশ রায় চৌধুরী বলেন, ‘পৃথিবী যত দিন থাকবে রবীন্দ্রনাথও তাঁর সৃষ্টি ও কর্মের জন্য তত দিন আমাদের মাঝে বেঁচে থাকবেন।’ তিনি আরও বলেন, ‘একুশে পদক পাওয়া যতটা না সম্মানের, আমার কাছে এ অনুষ্ঠানের উদ্বোধন করা তার চেয়েও বড়।’সভাপতির বক্তব্যে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, ‘সংস্কৃৃতিমনা মানুষের পুণ্যভূমি যশোর; যেখানে সবাই কবিতাচর্চা করেন। আর যাঁকে ঘিরে আমাদের সমগ্র চিন্তা-চেতনা ও সংস্কৃতির বিকাশ, তিনি হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।’ স্বাগত বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন। আরও বক্তব্য দেন সম্মেলনের ব্যবস্থাপনা পরিষদের আহ্বায়ক সুকুমার দাসসহ অন্যরা। অনুষ্ঠান উপস্থাপনা করেন শ্রাবণী সুর।এ ছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি সন্জীদা খাতুন ও সম্মেলন ব্যবস্থাপনা পরিষদের চেয়ারম্যান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তার।রবীন্দ্রনাথ ঠাকুরের নিজ হাতে আঁকা শতাধিক চিত্রকলা প্রতিলিপি প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। এ সময় তিনি বলেন, ‘শুধু শিল্প-সাহিত্যে নয়, চিত্রকলায়ও রবীন্দ্রনাথ ছিলেন অনন্য। কথার জাদুকর হয়েও রবীন্দ্রনাথ তাঁর কোনো ছবির নামকরণ করেননি। দর্শক তাঁর ইচ্ছামতো যে নামটি বসিয়ে নেন সেটিই হয় শ্রেষ্ঠ নামকরণ।’ পরে ‘প্রথমও আদি তব শক্তি’, ‘নিবিড়ও ঘন আঁধারে’—এ রকম অসংখ্য সমবেত সংগীত পরিবেশন করেন যশোরের শিল্পীরা। দুপুরে সুরধ্বনি সংগীত নিকেতনে শাস্ত্রীয় ও রবীন্দ্রসংগীতের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। রাত ১০টা অবধি সারা দেশের শিল্পীদের পরিবেশনায় চলতে থাকে আবৃত্তি, সংগীত ও নৃত্য। হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতনসম্মেলনের দ্বিতীয় দিনের মূল আয়োজন ছিল প্রীতি সম্মেলন। ‘হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন’—মহাকবি মাইকেল মধুসূদন দত্তের এ কবিতার সুরে শুরু হওয়া সম্মেলনে প্রাণের আবেগ উছলে ওঠে। কপোতাক্ষ নদের তীরে মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান কেশবপুর উপজেলার সাগরদাঁড়ির ডাকবাংলো প্রাঙ্গণের গাছতলায় মাদুর বিছিয়ে করা হয় সবার বসার আয়োজন। সংগীত, আবৃত্তি ও বাঙালি সংস্কৃতিতে উজ্জীবিত হওয়ার নানা কথা জড়িয়ে ছিল গোটা আয়োজনে। সন্জীদা খাতুন বলেন, ‘বঙ্গ ভান্ডারের বিবিধ রতনকে অন্তরে ধারণ করে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি মমত্ববান হলে বাঙালি সংস্কৃতি মুক্তি পাবে। আমরা রবীন্দ্রনাথের মধ্য দিয়েই মধুসূদনকে খুঁজে পাই। তাই গভীর শ্রদ্ধার কারণে বারবার এ পুণ্যভূমিতে ছুটে আসি।’ বসন্তের হিমেল হাওয়ায় গাছের শুকনো পাতা যখন উড়ে উড়ে পড়ছিল, তখন মনে হচ্ছিল প্রকৃতি যেন আপন মহিমায় সবাইকে বরণ করছে। তার মধ্যে সুকুমার দাস গেয়ে উঠলেন ‘সবার হূদয়ে রবীন্দ্রনাথ’ গানটি। সম্মেলনের শুরুতেই প্রথম আলো বন্ধুসভার কেশবপুরের বন্ধুরা রজনীগন্ধা দিয়ে অতিথিদের বরণ করে নেন। কেশবপুরের শিল্পীরা ‘তোমায় চেয়ে বসে আছি পথের ধারে’ গান গেয়ে অতিথিদের স্বাগত জানান। এ সময় কেশবপুরের উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন। বিকেলে যশোর শহরের মুন্সী মেহেরুল্লাহ ময়দানে (টাউন হল মাঠ) ‘সংস্কৃতি সমন্বিত শিক্ষা’-বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। জিল্লুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পড়েন রবীন্দ্র-বিশেষজ্ঞ আহমাদ মোস্তফা কামাল। বক্তব্য দেন অধ্যাপক অসিতবরণ ঘোষ ও অধ্যাপক মতীন্দ্র সরকার। অনুষ্ঠান উপস্থাপনা করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও কৃষ্টি হেফাজ।ভাঙল এই প্রাণের মেলাবাঙালি সংস্কৃতিবিনাশী সব ধরনের অপতত্পরতা প্রতিহতের ঘোষণার মধ্য দিয়ে ৬ মার্চ শেষ হয় এই প্রাণের উত্সব। মুন্সী মেহেরুল্লাহ ময়দানের (টাউন হল মাঠ) প্রয়াত রুহুল হক মঞ্চে সন্ধ্যায় গুণীজন সম্মাননা ও রবীন্দ্র পদক প্রদান অনুষ্ঠান হয়। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সনাত্ কুমার সাহা বলেন, ‘সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে হিংসার কোনো যোগ নেই। অথচ বারবার আমাদের হিংসার বলি হতে হয়। রবীন্দ্রনাথ তাঁর সৃষ্টির মধ্য দিয়ে বিশ্বব্যাপী মানুষের যে মুক্তির ডাক দিয়েছেন, তাঁর আলোকের কল্পনায় এগোনোর প্রয়াসই হচ্ছে এ আয়োজনের মূল প্রেরণা।’অনুষ্ঠানে যশোরের রবীন্দ্রসংগীত গুরু গৌরগোপাল হালদারকে রবীন্দ্র পদক দেওয়া হয়। সম্মেলনের ঘোষণাপত্র পড়েন মুক্তিযোদ্ধা জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী, শোক প্রস্তাব পাঠ করেন যশোর শাখার সাধারণ সম্পাদক শ্রাবণী সুর। এর আগে যশোরের শিল্পীদের গাওয়া ‘আগুন জ্বালো আগুন জ্বালো/মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা/আমি যুগে যুগে আসিয়াছি পূর্ণ মহাবিপ্লব হেতু/বঙ্গ আমার জননী আমার/মায়ের দেওয়া মোটা কাপড়’ বাংলার পঞ্চ কবির এ পাঁচটি গানের (অতুল প্রসাদ, রজনীকান্ত, রবীন্দ্রনাথ, নজরুল ও দ্বীজেন্দ্রলাল রায়) সুরের মূর্ছনায় সম্মেলনের পাঁচ হাজারেরও বেশিদর্শক বিমোহিত হয়। সমাপনী দিনে সম্মেলনে যোগ দিতে আসা সব মানুষযশোর মাইকেল মধুসূদন কলেজের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে।সেখানে বাঙালি সংস্কৃতির ধারা অব্যাহত রাখার শপথ নেওয়া হয়। বেলা ১১টায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) জিল্লুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে দেশের ৪৫টি শাখা থেকে আসা ১১৭ জন প্রতিনিধির অংশগ্রহণে সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিকে টাউন হল মাঠে চলে বিভিন্ন সময়ে প্রতিযোগিতায় প্রথম হওয়া শিল্পীদের সংগীতানুষ্ঠান।সম্মেলনের প্রস্তাবনারাতে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সম্মেলনের প্রস্তাবনা পাঠ করা হয়। এতে দেশের বধ্যভূমি ও গণকবরে স্মারক স্তম্ভ নির্মাণ, শুদ্ধ সুরে জাতীয় সংগীত গাওয়ার লক্ষ্যে সরকারি উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও দুইজন করে সংস্কৃতি-বিষয়ক শিক্ষক নিয়োগ, সাগরদাঁড়ির কপোতাক্ষ নদ পুনঃসংস্কার, রেডিও-টেলিভিশনে শুদ্ধ ভাষা ব্যবহারের নীতিমালাসহ বিভিন্ন বিষয়ে ১১টি দাবির প্রস্তাব রাখা হয়।প্রতিদিন রাতে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।