রবির গানে মৌসুমী
রবি চৌধুরীর নতুন একক ‘আমার আকাশ তুমি’ অ্যালবামের টাইটেল গানের ভিডিওর মডেল হলেন চিত্রনায়িকা মৌসুমী। সম্প্রতি কাতারের সীমান্তবর্তী এলাকায় দুই দিন এই মিউজিক ভিডিওর শুটিং হয়েছে। আর বাংলাদেশে এক দিনের শুটিং বাকি আছে বলে জানান রবি চৌধুরী ।‘রিমঝিম ঝিম বৃষ্টি পড়ে, মন রয় না একলা ঘরে’ শিরোনামের গানের মিউজিক ভিডিওটি নির্মাণ করেছে মৌসুমীর ছেলে ফারদীন এহসান।রবি চৌধুরী বলেন, ‘মৌসুমী আমার অনেক ভালো বন্ধু। গানটির ব্যাপারে যখন মৌসুমীকে প্রস্তাব দিই, সে রাজি হয়। তা ছাড়া আমার কাছে মনে হয়েছে, গানটির জন্য মৌসুমী উপযুক্ত। তাই অন্য কাউকে চিন্তা করতে পারিনি।’রবি চৌধুরী আরও বলেন, ‘মজার ব্যাপার হলো, এই মিউজিক ভিডিওর নির্দেশনা দিয়েছে মৌসুমীর ছেলে ফারদিন। ওর নির্মাণশৈলী দেখে আমি মুগ্ধ। অত্যন্ত নিখুঁতভাবে কাজ করে সে। এই অল্প বয়সে এতটা ভালো কাজ সে করতে পারবে, তা ভাবিনি।’এদিকে, রবি চৌধুরী নিজের এই একক অ্যালবামের কাজ গোছানোর পাশাপাশি সংগীতজীবনের ২৫ বছর পূর্তির একটি অনুষ্ঠান আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন।‘আমার আকাশ তুমি’ রবি চৌধুরীর ষাটতম একক অ্যালবাম। এর আগে গত বছর চট্টগ্রামের লোকগান নিয়ে তাঁর ‘চট্ট মেট্রো’ অ্যালবামটি প্রকাশিত হয়।