রবির সুরে মন্দ্রিত সন্ধ্যা
পরিবেশটাই উপভোগ্য। মিলনায়তনের দেয়ালজুড়ে শিল্পকর্ম আর ঘরজুড়ে সুরের আবহ। গতকাল বৃহস্পতিবার ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারের মিলনায়তনে শ্রোতার উপস্থিতিও ছিল যথেষ্ট।বিকেলে এখানে ছিল তিন শিল্পীর গানের আসর। শিল্পীরা হলেন দীপাঞ্জন মুখার্জি, মাকছুরা আক্তার ও লিলি ইসলাম। বৈঠকি ঘরানার এ আয়োজনে তিনজনেই গেয়ে শোনান রবীন্দ্রনাথের গান। এটি ছিল জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ঢাকা মহানগর শাখার নিয়মিত মাসিক গানের আসর।নবীন শিল্পী দীপাঞ্জন মুখার্জি ‘তোমরা যা বলো তাই বলো’ গানটি দিয়ে শ্রোতাদের রবীন্দ্র-সুরের ভুবনে আমন্ত্রণ জানান। এরপর তিনি গেয়ে শোনান ‘এবার আমায় ডাকলে দূরে’, ‘নিশি দিনও মোর পরানে’ ও ‘যে ছায়ারে ধরব বলে’। এরপর মাকছুরা আক্তারের পরিবেশনায় ছিল ‘দিবস-রজনী আমি যেন’, ‘এমনি করে ঘুরিব’ ও ‘মাটির প্রদীপখানি’।শেষ শিল্পী ছিলেন লিলি ইসলাম। তিনি গান বেছেছিলেন ফুলকে প্রাধান্য দিয়ে। প্রথম পরিবেশনা ছিল ‘আজ প্রথম ফুলের পাব প্রসাদখানি’। এরপর গেয়ে শোনান ‘প্রেমে শিউলি ফুল’, ‘প্রাণে গানে গন্ধে’, ‘কার বাঁশি নিশিভোরে’ ও ‘এই তো ভালো লেগেছিল’। বনসাই প্রদর্শনীআকারে এতই ছোট যে অনভিজ্ঞ চোখে মনে হতে পারে, টবে সাজিয়ে রাখা চারাগাছ। একেকটি গাছের দাম হাজার থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত। তবে লক্ষ করলেই বোঝা যাবে, ‘খুদে’ এই গাছগুলো পরিণত বয়সী—বিশেষ কৌশলে ছোট করে রাখা হয়েছে। ‘বনসাই’ বলে পরিচিত এ শিল্পের প্রদর্শনী এখন চলছে রাজধানীতে।নগরে প্রকৃতির ছোঁয়া এনে দিতে গতকাল বৃহস্পতিবার থেকে ধানমন্ডির ডব্লিউ ভি মিলনায়তনে আয়োজন করা হয়েছে বনসাই প্রদর্শনীর। বাংলাদেশ বনসাই সোসাইটির এটি ত্রয়োদশতম আয়োজন।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক আনিসুজ্জামান, নিসর্গী দ্বিজেন শর্মা প্রমুখ। সোসাইটির সভাপতি নাজমা সফিকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আনিসুল হক।প্রদর্শনীতে বিভিন্ন রকমের বনসাই স্থান পেয়েছে। ঢাকা ছাড়াও রাজশাহী ও হবিগঞ্জ থেকে বনসাই নিয়ে প্রদর্শনীতে যোগ দিয়েছেন বনসাইপ্রেমীরা। প্রদর্শনী ঘুরে দেখা গেল, বট, কামিনী, বাগানবিলাস, পবনঝাউ, জিলাপি, ঝুমুর, তেঁতুল, জুনিপার, চেরি, হিজল, তমাল প্রভৃতি গাছ সারিবদ্ধভাবে সাজানো। প্রদর্শনী চলবে ২ অক্টোবর পর্যন্ত। স্বপন দত্তের রবীন্দ্রসংগীতের অ্যালবামকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত শিল্পী স্বপন দত্তের দুটি একক রবীন্দ্রসংগীতের অ্যালবামের মোড়ক উন্মোচন হলো গতকাল। অ্যালবাম দুটির নাম অনন্ত আনন্দধারা ও পথের শেষ কোথায়। শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্রে এ অ্যালবামের মোড়ক উন্মোচন করেন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। মোড়ক উন্মোচন শেষে শিল্পী তাঁর দুই অ্যালবাম থেকে নির্বাচিত কিছু গান পরিবেশন করেন।অনন্ত আনন্দধারা অ্যালবামটির সংগীত পরিচালনা করেছেন সাদি মহম্মদ। এতে রয়েছে রবীন্দ্রনাথের পূজা, প্রকৃতি, প্রেম ও বিচিত্র পর্যায়ের ১১টি গান। পথের শেষ কোথায় অ্যালবামটির সংগীত পরিচালনা করেছেন দূর্বাদল চট্টোপাধ্যায়। এতে কবিগুরুর প্রেম ও পূজাপর্যায়ের এক ডজন গান ঠাঁই পেয়েছে।ফরিদপুরে তথ্যমেলায় বন্ধুসভার নাটকফরিদপুর অফিস জানায়, ‘তথ্য অধিকার আইন বাস্তবায়নের দায়িত্ব সকলের’—এ আহ্বান সামনে রেখে গতকাল বৃহস্পতিবার থেকে ফরিদপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী তথ্যমেলা। স্থানীয় অম্বিকা ময়দানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় মেলার আয়োজন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক) ফরিদপুর।এই তথ্যমেলায় গতকাল সন্ধ্যায় নাটক পরিবেশন করে ফরিদপুর প্রথম আলো বন্ধুসভা। দুর্নীতি বৃক্ষ শীর্ষক নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন বন্ধুসভার নাসিরউদ্দীন মৃধা ও অরুণ কান্তি পাল। এর আগে বিকেল সাড়ে চারটায় ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।