রবিরশ্মির সত্যের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রসংগীত চর্চার সংগঠন রবিরশ্মি এ বছর পথচলার ১২তম বছর পূর্ণ করল। এ উপলক্ষে সংগঠনটি এক সংগীতসন্ধ্যার আয়োজন করে। অনুষ্ঠানের শিরোনাম ‘জয় জয় সত্যের জয়’।গতকাল শনিবার বিকেলে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগীতজ্ঞ সুধীন দাশ। বিশেষ অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী অনুপ ভট্টাচার্য। সভাপতিত্ব করেন রবিরশ্মির সভাপতি মোখলেস আলম। স্বাগত বক্তব্য দেন রবিরশ্মির পরিচালক মহাদেব ঘোষ। অনুষ্ঠানে রবীন্দ্রসংগীতশিল্পী অধ্যাপক সাধন ঘোষকে সম্মাননা দেওয়া হয়। অতিথিরা তাঁর হাতে তুলে দেন সম্মাননা ক্রেস্ট, উত্তরীয় ও ১০ হাজার টাকার চেক।সম্মাননার আনুষ্ঠানিকতা শেষে রবিরশ্মির শিল্পীরা দলীয় ও একক সংগীত পরিবেশন করেন। শিল্পীদের মধ্যে ছিলেন সুপর্ণা দাস, রাবেয়া আক্তার, মোরশেদ আলম, রেখা বণিক, অরুণা সরকার প্রমুখ। তাঁরা ‘মোরা সত্যের পরে মন আজি করিব সমর্পণ’, ‘আমি জেনে শুনে তবু ভুলে আছি’, ‘ভেঙ্গে মোর ঘরের চাবি’— গান গেয়ে শোনান। এরপর কবিরুল ইসলামের নির্দেশনায় রবীন্দ্রনাথের বেশ কিছু গান ও কবিতার সমন্বয়ে পরিবেশিত হয় গীতিনৃত্য আলেখ্য কৃষ্ণকলি আমি তারেই বলি।