
কবিগুরুর একগুচ্ছ বর্ষার গান আর তার সঙ্গে নৃত্য দিয়ে সাজানো হয়েছিল ‘বর্ষামঙ্গল’ অনুষ্ঠান। গতকাল শনিবার সন্ধ্যায় রবীন্দ্রসংগীত চর্চার প্রতিষ্ঠান রবিরাগ এই অনুষ্ঠানের আয়োজন করে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে।
অনুষ্ঠান শুরু হয়েছিল সমবেত কণ্ঠে ‘বিশ্ববীণারবে’ গানটি দিয়ে। এরপর ‘আবার এসেছে আষাঢ়’ গেয়ে শোনান গোলাম হায়দার। ‘কদম্বেরই কানন ঘেরি’ পরিবেশন করেন আমিনা আহমেদ। ‘খরবায়ু বয় বেগে’ গানের সঙ্গে ছিল নৃত্য।
অনুষ্ঠান এগিয়েছে একক কণ্ঠের গান, নৃত্য ও সমবেত গানের পরিবেশনায়। সাদি মহম্মদ গেয়েছেন ‘আমি শ্রাবণ-আকাশে’, সামা আলী গেয়েছেন ‘এসো হে সজলঘন দেয়া’, সন্ধ্যা ভট্টাচার্য গেয়েছেন ‘আজ কিছুতে যায় না’। বৃষ্টি না হলেও অনুষ্ঠানজুড়েই ছিলও বর্ষার আবহ।
স্থপতি মাজহারুল ইসলাম স্মরণসভা
বাংলাদেশের স্থাপত্যচর্চার পথিকৃৎ বরেণ্য স্থপতি মাজহারুল ইসলামের প্রথম প্রয়াণ দিবস উপলক্ষে মাজহারুল ইসলাম ফাউন্ডেশন, বাংলা একাডেমী ও বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে গতকাল সন্ধ্যায় বাংলা একাডেমীর আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য দেন মাজহারুল ইসলাম ফাউন্ডেশনের সভাপতি রফিক মাজহার ইসলাম। আলোচনায় অংশ নেন বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান, শিল্পী কাইয়ুম চৌধুরী, রাজনীতিক মোনায়েম সরকার; স্থপতি রবিউল হুসাইন, সামসুল ওয়ারেস, মোবাশ্বের হোসেন এবং লেখক নাজিয়া জাবীন।
স্মরণসভার শুরুতে মাজহারুল ইসলামের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। তাঁকে নিবেদিত কবিতা পাঠ করেন স্থপতি রফিউদ্দিন মাহমুদ।
স্বাগত বক্তব্যে রফিক মাজহার ইসলাম বলেন, কীর্তিমান স্থপতি মাজহারুল ইসলামের স্মৃতি সংরক্ষণ ও তাঁর কৃতি মূল্যায়নের জন্য মাজহারুল ইসলাম ফাউন্ডেশন গঠিত হয়েছে। এ ব্যাপারে সবার সহযোগিতা প্রয়োজন।
বক্তারা বলেন, মাজহারুল ইসলাম ছিলেন বাংলাদেশের স্থাপত্যকলার গর্ব ও অহংকার। স্থাপত্যচর্চায় তিনি ঐতিহ্য ও আধুনিকতার সংশ্লেষ ঘটিয়ে নতুন রীতির জন্ম দিয়েছেন। এ মহান স্থপতির শিল্পাদর্শ দেশের ভবিষ্যতের স্থাপত্যবিদ্যাকে পথ দেখাবে। আলোচনার পর ছিল তাঁকে নিবেদিত সংগীতানুষ্ঠান।
জাদুঘরের শতবর্ষ পূর্তির আয়োজন

জাতীয় জাদুঘরের শতবর্ষ পূরণ হচ্ছে আগামী ৭ আগস্ট। শতবর্ষ উদ্যাপন উপলক্ষে দুই বছরব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছিল জাদুঘরের উদ্যোগে। কাল সোমবার থেকে শুরু হবে শততম প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠানমালা। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
শততম প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠানমালার কর্মসূচি ও জাদুঘরের বিগত দিনের কার্যক্রম তুলে ধরতে গতকাল শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জাদুঘরের সভাকক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জাদুঘর প্রযত্ন পর্ষদের সভাপতি এম আজিজুল হক, সদস্য অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী, সোনিয়া নিশাত আমীন ও স্থপতি রবিউল হুসাইন। কর্মসূচি তুলে ধরেন মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৭ আগস্টেই শতবর্ষ পূর্তির মূল অনুষ্ঠানের পরিকল্পনা থাকলেও সে সময় পবিত্র মাহে রমজান চলতে থাকায় কর্মসূচি এক মাস এগিয়ে আনা হয়েছে। মূল অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি ১০০ টাকা মানের একটি স্মারক মুদ্রা ও স্মারক ডাকটিকিট অবমুক্ত এবং মাসব্যাপী বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করবেন। এ ছাড়া দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার হবে ৯ ও ১০ জুলাই। আগামী ৭ আগস্ট হবে সমাপনী অনুষ্ঠান।