জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ আয়োজিত বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিন গতকাল শনিবারও সম্মেলনস্থল কেন্দ্রীয় গণগ্রন্থাগার ছিল উৎসবমুখর। রবীন্দ্র অনুরাগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্মেলন পরিণত হয়েছিল মিলনমেলায়। দিনব্যাপী তাঁরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছেন রবীন্দ্রনাথের বৈচিত্রময় সৃষ্টিসম্ভার । সাধারণ বিভাগের রবীন্দ্রসংগীতের চূড়ান্ত প্রতিযোগিতার মধ্য দিয়ে সকাল সাড়ে নয়টায় শুরু হয় দিনের কর্মসূচি। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা ২৮ জন প্রতিযোগী অংশ নেন। বিচারক ছিলেন ইফ্ফাত আরা দেওয়ান, শাহেদ ইমাম, ফাহমিদা খাতুন ও মৃণাল কান্তি সাহা। পরে প্রতিযোগীরা প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।বিকেলে ছিল সেমিনার। বিষয়: ‘রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকীতে আমাদের দায়’। মূল প্রবন্ধে আমিনুল হক বাবুল বলেন, ‘বরাবরই মুক্তচিন্তাবিরোধীরা রবীন্দ্রনাথকে সাধারণের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছেন। এ চেষ্টা এখনো অব্যাহত। সাম্প্রদায়িক মহল রবীন্দ্রনাথকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে—তাঁর দেড় শ বছর পূর্তির বর্ষে এ বিষয়টি আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে।’ আলোচনায় অংশ নেন আ ব ম নূরুল আনোয়ার ও সারওয়ার আলী। সভাপতিত্ব করেন গোলাম মুরশিদ।সন্ধ্যায় ছিল মুক্ত আলোচনা। মূল আলোচক ছিলেন হায়াৎ মামুদ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মহিউজ্জামান চৌধুরী, মহাদেব ঘোষ, লিলি ইসলাম, হিমাদ্রি শেখর প্রমুখ। শিল্পীরা ‘সখি ভাবনা কাহারে বলে’, ‘খেলাঘর বাঁধতে লেগেছি’, ‘আমার মল্লিকা বনে’, ‘আমার মন মানে না’ এসব গান গেয়ে শোনান। নৃত্য পরিবেশন করে ধ্রুপদ কলা কেন্দ্র।চীনে রবীন্দ্রসাহিত্য বাংলা একাডেমী আয়োজিত অমর একুশে গ্রন্থমেলার গতকাল ছিল ২৬তম দিন। এদিন সকালে মেলার মূলমঞ্চে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে ‘চীনে রবীন্দ্রসাহিত্য’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সিআরআই-এসএমএফ কুনফুসিয়াস ক্লাসরুম, ঢাকার পরিচালক ইয়াং ওয়েইমিং (স্বর্ণা)। আলোচনা করেন দক্ষিণ এশিয়া গবেষণাকেন্দ্রের পরিচালক ও পেইচিং বিদেশি ভাষা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দং ইউছেন, পিকিং বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ওয়েই লিমিং, ঢাকাস্থ চীনা দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলর ওয়াং ইয়ু, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের সাধারণ শিক্ষা বিভাগের অধ্যাপক বেগম জাহানারা, জাদুঘর বিশেষজ্ঞ ফিরোজ মাহমুদ ও লেখক-গবেষক ম মনিরউজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক আবদুল খালেক।মূল প্রবন্ধে ইয়াং ওয়েইমিং বলেন, দূরপ্রাচ্যের জাপান থেকে পাশ্চাত্যের মার্কিন মুলুক পর্যন্ত রবীন্দ্রনাথ তাঁর অনন্য লেখার যে দ্যুতি ছড়িয়েছেন, তার অনেকখানি চীনে গিয়ে পড়ার অনেক কারণের মধ্যে ঐতিহাসিক, সামাজিক ও মনস্তাত্ত্বিক কারণও রয়েছে। কবিগুরু চীনের গণমানুষের সঙ্গে একাত্ম হয়েছিলেন। বিশেষ করে, সামন্ত ও বহিঃশক্তির বিরুদ্ধে চীনাদের সংগ্রামে তাঁর ছিল প্রত্যক্ষ সমর্থন। প্রবান্ধিক বলেন, চীনের অসংখ্য তরুণ-যুবার আবেগময়তায় রবীন্দ্রনাথের অবস্থান পর্বতপ্রমাণ। তাদের সংগ্রহে মহামনীষীদের অমূল্য বাণীর তালিকায় রবীন্দ্রনাথ শীর্ষে। অধ্যাপক দং ইউছেন বলেন, চীনে সর্বপ্রথম রবীন্দ্রচর্চা করেছিলেন পেইচিং বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত পণ্ডিত চি সিয়েন লিন। তিনি যৌবনে জার্মানে সংস্কৃত ও পালি ভাষা শিখতে গিয়েছিলেন। চি সিয়েন লিন রবীন্দ্রচর্চা প্রসঙ্গে অনেক প্রবন্ধ লিখেছেন। তিনি বলেন, রবীন্দ্রনাথ বাংলা ভাষার মহান কবি। চীনা জনগণের তিনি প্রিয়তম কবি ও মহান বন্ধু। চীনা পাঠকেরা তাঁর সাহিত্য ভালোবাসে। রবীন্দ্র রচনাবলির অধিকাংশই চীনা ভাষায় অনুবাদ করা হয়েছে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বিধান চন্দ্র সিংহ ও জ্যোতি সিনহার পরিচালনায় রবীন্দ্রসংগীতের সঙ্গে মণিপুরি আঙ্গিকে নৃত্য পরিবেশন করে আদিবাসী সাংস্কৃতিক সংগঠন মণিপুরি থিয়েটার এবং জাগরণের গান পরিবেশন করেন জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণা কেন্দ্রের শিল্পীরা।শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতাশনিবার সকালে শিশুরা ভিড় করেছিল জাতীয় জাদুঘর চত্বরে। সবার হাতে রংতুলি ও ড্রয়িংবোর্ড। উৎসাহ ও উদ্দীপনায় ভরা চোখ; কারও কারও মাথায় বাংলাদেশের পতাকা। কেউ কেউ পরেছে ভাষা শহীদদের সম্মানে ‘অ আ ক খ’ বর্ণমালাখচিত পোশাক। একসময় আঁকতে বসে গেল সবাই । ছবি এঁকে কেউ কেউ বিকেলে পেল পুরস্কার। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পটুয়া কামরুল হাসান আর্ট স্কুলের আয়োজনে গতকাল অনুষ্ঠিত হয়েছে এই শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা। উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন মতলুব আলী। শত শত শিশু শনিবার সকালে ক, খ, গ, ও ঘ বিভাগে ভাগ হয়ে নিজেদের ইচ্ছামতো ছবি আঁকে। গ্রাম, নদী, পাখি, বাংলাদেশের জাতীয় পতাকা, ঘরবাড়ি, মানুষ ইত্যাদি নানা বিষয় নিয়ে ছবি এঁকেছে খুদে শিল্পীরা। বেশির ভাগ ছবিরই উপজীব্য বাংলাদেশের গ্রাম। বিকেলে ছিল পুরস্কার বিতরণের আয়োজন। উৎসাহ নিয়ে এ সময় খুদে আঁকিয়েরা ভিড় করে জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে। এ পর্বে সভাপতিত্ব করেন জিল্লুর রহমান সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী রেজাউল করিম । অতিথিরা বিজয়ী শিশুদের হাতে তুলে দেন পুরস্কার।