রবীন্দ্র আলোচনা
মানুষের সবচেয়ে বড় শক্তি সৃজনশীলতা। এর বিকাশই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের আরাধ্য। সৃষ্টিকর্মে ও সমগ্র জীবনে মানুষের পূর্ণতা লাভের সাধনাকেই তিনি প্রাধান্য দিয়েছেন। চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।দুই দিনব্যাপী আলোচনার শনিবার ছিল সমাপনী। তিন পর্বে বিভক্ত দিনের প্রথম পর্বের সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। এতে তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। ‘সমকালের পত্রপত্রিকায় রবীন্দ্রনাথ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আবদুল কাইউম। ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্বপন মজুমদার ‘রবীন্দ্রনাথ স্বদেশ ও বিশ্ব’ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম মোস্তফা ‘রবীন্দ্রনাথের মানুষ’ শীর্ষক প্রবন্ধ পড়েন। আলোচক ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভুঁইয়া ইকবাল। বিকেলে দ্বিতীয় অধিবেশনে ‘দ্বন্দ্ব ও দ্বৈরথে রবীন্দ্রনাথ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শান্তনু কায়সার। আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ জাহিদুর রহমান।শেষ অধিবেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক সন্জীদা খাতুন। ‘গীতবিতানে পূজা পর্যায়ের গান’ বিষয়ে প্রবন্ধ পড়েন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তপন জ্যোতি বড়ুয়া এবং ‘বাংলা ভাষাতত্ত্ব ও ব্যাকরণ ভাবনায় রবীন্দ্রনাথ’ শীর্ষক প্রবন্ধ পড়েন অধ্যাপক এম এম রিজাউল ইসলাম। আলোচক ছিলেন অধ্যাপক ফেরদৌস আরা আলীম ও অধ্যাপক মোহাম্মদ নেয়ামত উল্ল্যাহ ভুঞা।