রবীন্দ্র কাচারিবাড়িতে আর্ট ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উদ্যাপনের সমাপনী অনুষ্ঠানের অংশ হিসেবে শাহজাদপুর উপজেলার কাচারিবাড়িতে তিন দিনব্যাপী আর্ট ক্যাম্প শুরু হয়েছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমী এই আর্ট ক্যাম্পের আয়োজন করেছে। গত শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এই ক্যাম্পে দেশবরেণ্য ১১ জন চিত্রশিল্পী রবীন্দ্রনাথের ভাবনা অবলম্বনে ছবি আঁকছেন। উদ্বোধনী দিন বিকেলে শিল্পীদের সম্মানে শাহজাদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে কাচারিবাড়ির রবীন্দ্র মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সচিব মো. মনজুরুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে শাহজাদপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই আর্ট ক্যাম্পে অংশ নিচ্ছেন শিল্পী কাইয়ুম চৌধুরী, এ কে এম কাইউম, ফরিদা জামান, গোলাম ফারুক, আতিয়া ইসলাম, রফি হক, শাহজাহান আহমেদ, মাকসুদা ইকবাল, তরিকত ইসলাম, সহিদ কাজী ও গোলাম রব্বানী।শিল্পীরা প্রত্যেককে দুটি করে মোট ২২টি ছবি আঁকবেন। ইতিমধ্যে কাইয়ুম চৌধুরী ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’ নামের একটি ছবির কাজ শেষ করেছেন। আজ রোববার ক্যাম্প শেষ হবে। ক্যাম্পে আঁকা ছবিগুলো নিয়ে পরে ঢাকায় প্রদর্শনী করা হবে।