রবীন্দ্র গল্পের নায়িকা মম
প্রায় ১৪ মাস বিরতির পর আবার পুরোদমে কাজ শুরু করেছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার জাকিয়া বারী মম। বিরতির পর দুটি এক ঘণ্টার নাটকে কাজ করেছেন তিনি। এবার করলেন রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নির্মিত নাটকে। নাম ‘চিরজীবনের পালাগান’। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোরাই ধন’ গল্প অবলম্বনে নাটকটি নির্মিত হয়েছে। উনিশের দশকে সমাজের নানা সংস্কার এবং এ থেকে বেরিয়ে আসা আধুনিক মনস্ক মানুষকে নিয়েই এ নাটকের গল্প গড়ে উঠেছে। দুই প্রজন্মের প্রেম ও বিয়ে বিষয়ে জটিলতাগুলো নাটকে উঠে আসবে। এখানে মমকে সুনেত্রা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। মম বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকগুলো পড়া গল্পের মধ্যে চোরাই ধন গল্পটিও পড়া ছিল। কাজটি শুরুর আগে আবারও পড়েছি। নাটকে আমাকে তিন বয়সের চরিত্রে দেখা যাবে। খুবই ভালো লেগেছে রবীন্দ্র গল্পের নাটকে কাজ করে।’নাটকে সুনেত্রার স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন ইন্তেখাব দিনার।চিরজীবনের পালাগান নাটকটির নাট্যরূপ দিয়েছেন মিরন মহিউদ্দীন। যৌথভাবে পরিচালনা করেছেন সোহেব আলম ও এম রাসেল।