রবীন্দ্র গান: গায়ন ও নারীসত্তা

রবীন্দ্রসংগীতের গায়কি কি পৌরুষ দাবি করে? নাকি রবীন্দ্র গানেও প্রকাশিত হয় নারীসত্তা, আর তা হয় গায়কি-নির্বিশেষেই। রবীন্দ্র-গবেষক ধূর্জটিপ্রসাদ মুখোপধ্যায় যখন বলেন যে তাঁর দেখা রবীন্দ্রসংগীতশিল্পীদের মধ্যে সুচিত্রা মিত্রই একমাত্র পুরুষ, তখন বিষয়টি আলোচনার অপেক্ষা রাখে বৈকি। সম্প্রতি বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার সৌজন্যে রাজধানীর লালমাটিয়ায় সুরের ধারা মিলনায়তনে পশ্চিমবঙ্গের রবীন্দ্রসংগীতশিল্পী শৈবাল বসু রবীন্দ্রসংগীতে পৌরুষের বিপরীতে নারীসত্তাটিও কীভাবে প্রকাশিত হয় তা রবীন্দ্র গান: গায়ন ও নারীসত্তা শিরোনামের বক্তৃতায়, সংগীত আর নাচের মধ্য দিয়ে উপস্থাপন করেন। তাঁর সঙ্গে খোল সংগত করেন আশিস সরকার। হারমোনিয়ামে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক, রবীন্দ্রসংগীতশিল্পী আজিজুর রহমান তুহিন।
ব্যতিক্রম নাট্যগোষ্ঠী আয়োজিত এ অনুষ্ঠানে রবীন্দ্র গানে শব্দ, স্বর ও সুর—এই তিনের ব্যবহারে নারীসত্তা কীভাবে ফুটে ওঠে তা ব্যাখ্যা করেন শৈবাল বসু। তাঁর রবীন্দ্রসংগীতের শিক্ষাগুরু শান্তিনিকেতনের বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিক্ষক মোহন সিং ও গীতা ঘটক। শৈবাল বসু বলেন, রবীন্দ্র গানে “আঁচল” নারীসত্তা ধারণ করে তার বিপরীতে “উত্তরী” পুরুষের পরিচায়ক। গানে গায়ক নিজে পুরুষের চেয়ে নারীসত্তাকেই বেশি ধারণ করেন।