
যানজটের শহরে ঠিক সময়ে অনুষ্ঠান শুরু করা এখন পৃথিবীর সপ্তাশ্চর্যের মতো বিরল হয়ে উঠছে। ছায়ানট মিলনায়তনে গতকাল সোমবারের আবৃত্তি ও গানের অনুষ্ঠানটিও বিলম্ব এড়াতে পারল না। ফলে মঞ্চে হাতুড়ির ঠুকঠাক আর মাইক্রোফোন ঠিকঠাক করার ফাঁকেই দর্শক-শ্রোতারা একটু একটু করে ছায়ানটের বিখ্যাত চা-শিঙাড়া-সমুচার সঙ্গে মোলাকাত করতে গেল। দীর্ঘ সময় পর শুরু হলো অনুষ্ঠান। তড়িঘড়ি অনুষ্ঠানের আয়োজনের ভাবনার কারণেই এ বিলম্ব, সে কথা স্মরণ করে ক্ষমা চাইলেন সঞ্চালক প্রশান্ত কুমার। দ্রুত কেন আয়োজন, সেটাও জানালেন। ভারতের রবীন্দ্রগবেষক পূর্ণেন্দু বিকাশ সরকার অভূতপূর্ব এক গবেষণা করেছেন। রবীন্দ্রনাথের প্রায় সবগুলো গান ও কবিতা নিয়ে তিনি গড়ে তুলছেন ডিজিটাল আর্কাইভ। কাজটা প্রায় শেষের পথে। তাই এই অসাধারণ কাজটির সঙ্গে সবার পরিচয় ঘটুক, সেটাই চেয়েছিলেন আয়োজকেরা।
শুরুতে অবশ্য ছিল আবৃত্তি ও গান। পূর্ণেন্দু বিকাশ সরকারের সহধর্মিণী বাচিকশিল্পী বনানী সরকারই শুরু করলেন এ পর্ব। এর আগে অবশ্য বাংলাদেশের শিল্পীদের জন্য সল্টলেক আই ফাউন্ডেশনের পক্ষ থেকে তিনি দিলেন শুভেচ্ছা উপহার। সবগুলো কবিতাই ছিল রবীন্দ্রনাথের। ‘ভুল স্বর্গ’ কবিতা দিয়ে শুরু। শুরুতেই বুঝিয়ে দিলেন, নাটকীয়তা ও উচ্চকিত কণ্ঠস্বরের কাছে তিনি নিজেকে বন্দী রাখেননি। ‘আহা’ শব্দের উচ্চারণে দর্শকের কাছেও মনে হলো ‘আহা, অসাধারণ’। এরপর ‘সোনার তরী’ ও ‘বিষ্টি পড়ে টাপুর টুপুর’ আবৃত্তি করলেন। শেষটায় কি একটু নাটকীয়তা এল? এল বোধ হয়। কিন্তু খারাপ লাগল না। তাহলে কবিতার মেজাজ বুঝে নাটকীয়তাও তাতে মানিয়ে যায়! দেরি হয়ে যাওয়ায় সোহেল আনোয়ার ‘আফ্রিকা’ কবিতাটি না পড়ে শুধু রবীন্দ্রনাথের একটি প্রবন্ধের কিছু অংশ পাঠ করলেন, যেখানে হিন্দু-মুসলমান সম্পর্ক ও শিক্ষার কথা বলা হয়েছে। তাসমিন জাহান গাইলেন ‘তুমি এপার ওপার করো কে গো’সহ দুটি গান। পারভেজ চৌধুরী ‘কালের যাত্রার ধ্বনি’ আবৃত্তি করলেন। জয়ন্ত চট্টোপাধ্যায় ও ডালিয়া আহমেদের পরিবেশনায় ছিল ‘কর্ণকুন্তী সংবাদ’। বেলায়েত হোসেনও ‘সোনার তরী’ পড়লেন।
এরই মাঝে অনিমা রায় ‘সখী ভালোবাসা কারে কয়’ ও ‘তোমার খোলা হাওয়ায়’ গান দুটি গাইলেন।
পরের অংশটি ছিল পূর্ণেন্দু বিকাশ সরকারের। তিনি উপস্থাপন করলেন তাঁর ডিজিটাল আর্কাইভ। অনুষ্ঠানটি কিছুটা অগোছালো হলেও সব মিলে দর্শকদের মন ছুঁয়েছে।