রবীন্দ্র-নজরুলের বর্ষার গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনজুড়ে রোদ-মেঘের লুকোচুরি। সঙ্গে আষাঢ়ের ঝিরিঝিরি বৃষ্টি। আর সন্ধ্যায় রবীন্দ্র-নজরুলের বর্ষার গানের আসর। এমন বর্ষায় শহুরে বাঙালির আর কী চাই! বর্ষা যেন বাঙালিদের হূদয়ে এমনিভাবেই আসে।বাংলায় বর্ষায় প্রকৃতি যেমন সুন্দর, বর্ষার গানও তেমন সমৃদ্ধ। এ ভাবনা থেকেই রবীন্দ্রনাথ-নজরুলের বর্ষার গান দিয়ে সাজানো হয়েছিল ‘বর্ষার গান শ্রোতার আসর’। ছায়ানট মিলনায়তনে গতকাল রোববার এ সংগীতসন্ধ্যার আয়োজন করে বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী ইফ্ফাত আরা দেওয়ানের সংগীত প্রতিষ্ঠান ‘আনন্দি’।অনুষ্ঠানে ইফ্ফাত আরা দেওয়ান বলেন, রবীন্দ্র-নজরুলের বর্ষার অনেক সুন্দর সুন্দর গান রয়েছে। সে গানগুলো নিয়েই আজকের আসর। এ বর্ষার দিনে সংগীতপ্রেমী শ্রোতাদের সঙ্গে গানগুলো শ্রবণের আনন্দ উপভোগ করতেই মূলত এ আয়োজন।শিল্পী অমিয় আনোয়ারের কণ্ঠে ‘আকাশ পাড়ে, সুধায় তারে’ গানটি দিয়ে শুরু হয় সংগীতসন্ধ্যার। এরপর শিল্পীরা পরিবেশন করেন ‘আজ আমার মনের কথা ঝর ঝর বাজে’, ‘আজি তোমায় আবার চাই শুনাবারে, যে কথা শুনায়েছি বারে বারে’, ‘পুব-হাওয়াতে দেয় দোলা আজ মরি মরি’, ‘এই শ্রাবণের বুকের ভিতর আগুন আছে’ এসব গান। এর মধ্যে নজরুলের ‘আজ বাদল ঝরে মোর একলা ঘরে’ গানটি উপস্থিত দর্শক-শ্রোতাদের মধ্যে ভালোলাগার এক ভিন্ন মাত্রা যোগ করে, যা বর্ষাকে তাঁদের কাছে আরও আবেদনময়ী করে তোলে।সংগীত আসরে মোট নয়জন শিল্পী একক কণ্ঠে দুটি করে গান পরিবেশন করেন। তাঁরা হলেন অমিয় আনোয়ার, সাঈদা হোসেন, সেমন্তী মঞ্জরী, কল্পনা আনাম, সুমন মজুমদার, নাসিমা শাহীন, তানিয়া মান্নান, পার্থ সারথী সিকদার ও ইফ্ফাত আরা দেওয়ান। তাঁদের পরিবেশনা আর বৃষ্টির তান—দুই মিলিয়ে এক অন্য রকম পরিবেশের সৃষ্টি করে।আসরের শেষাংশে গান পরিবেশন করেন ইফ্ফাত আরা দেওয়ান। তিনি কবিগুরুর ‘আমি তখন ছিলেম মগন গহন ঘুমের ঘোরে’, ‘গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা’ গান দুটি গান। তাঁর সুরলহরিতে মাতিয়ে তোলেন শ্রোতাদের। তাঁর গানের বৈচিত্র্যময় সুর বাদল দিনে যে সুর ব্যঞ্জনা সৃষ্টি করে, তা কংক্রিটের শহরে বর্ষাকে ভিন্ন আঙ্গিকে পরিচয় করিয়ে দেয়।বাদল দিনের এই সংগীতাসরে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী, সংস্কৃতিকর্মী, সমাজের বিভিন্ন পেশার দর্শক-শ্রোতা।