রবীন্দ্র-নজরুলের সুরের ইন্দ্রজাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতের শেষ বিকেলে যেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের সুরের ইন্দ্রজালে ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তন হয়ে উঠেছিল মধূর মায়াময়। ‘চির বন্ধু, চির নির্ভর, চির শান্তি’ নামের অনুষ্ঠানে এই প্রজন্মের চারজন প্রতিশ্রুতিশীল রবীন্দ্র ও নজরুলগীতি-শিল্পীর সুললিত কণ্ঠে পরিবেশিত হলো দুই কবির বন্ধুত্ব, নির্ভরতা আর শান্তির সুর।গতকাল শনিবার সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠানে গান গাইলেন রবীন্দ্রসংগীত-শিল্পী বুলবুল ইসলাম ও অনিমা রায় এবং নজরুলগীতি-শিল্পী জান্নাত-এ-ফেরদৌসী ও শহিদ কবির।মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভাষাসংগ্রামী ও রবীন্দ্র গবেষক আহমেদ রফিক। বক্তব্যপর্ব শেষে গানের পরিবেশনা। সমবেত কণ্ঠে ‘আগুনের পরশমণি’ গানটি দিয়েই শিল্পীরা উপস্থিত শ্রোতা-দর্শকদের সুরের মায়াবী জগতে নিয়ে যান।এরপর একক গানের পালা। অনিমা রায় শোনালেন ‘ও আমার দেশের মাটি’, ‘নিশিদিন মোর’, ‘মাঝে মাঝে তব দেখা পাই’সহ বেশ কিছু রবীন্দ্রসংগীত। বুলবুল ইসলাম গেয়ে শোনান ‘আমার খেলা যখন’, ‘আমার নিখিল ভুবন’, ‘প্রেম এসেছিল নিঃশব্দ চরণে’, ‘নিত্য তোমার যে ফুল ফোটে’সহ বেশ কিছু গান। রবীন্দ্রসংগীতের পালা শেষ হলে মঞ্চে আসেন নজরুলগীতির শিল্পীরা। জান্নাত-এ-ফেরদৌসীর কণ্ঠে পরিবেশনা ছিল ‘মাগো চিন্ময়ী রূপে এসো’, ‘আবার ভালবাসার সাধ জাগে’, ‘এ কী সুরে তুমি’সহ বেশ কিছু গান। শেষে শহীদ কবির গেয়ে শোনান ‘ও রে নীল যমুনার জল’, ‘পরদেশী বধুয়া’, ‘মনে রাখার দিন’ ইত্যাদি। শিল্পীদের নিজস্ব পছন্দের গানের পাশাপাশি ছিল আগত শ্রোতাদের অন্যান্য অনুরোধের গান পরিবেশনা। অনুষ্ঠানের আয়োজক জার্নি কমিউনিকেশনের প্রধান নির্বাহী তানভীর তারেক বলেন, সুস্থ এবং শুদ্ধ সংগীতের প্রসারে এখন থেকে নিয়মিতভাবে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করবেন তাঁরা। গতকালের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুসরাত শারমিন।