রবীন্দ্র নাটক নিয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭০তম মৃত্যুবার্ষিকী ছিল গত শনিবার। সে দিন সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে কবির মহাপ্রয়াণ দিবস পালন করা হয়। এর রেশ ছিল গতকাল রোববারও। এ উপলক্ষে বাংলা একাডেমী একক বক্তৃতা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ‘রবীন্দ্রনাথের সাংকেতিক নাটকে বাস্তব জীবন’ শীর্ষক বক্তৃতা করেন করুণাময় গোস্বামী। স্বাগত বক্তব্য দেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমীর সভাপতি অধ্যাপক কবীর চৌধুরী। রোববার সকালে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত জাপানের রবীন্দ্রগবেষক অধ্যাপক কাজুও আজুমার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।আলোচনা পর্বে সভাপতির বক্তব্যে কবীর চৌধুরী বলেন, ‘কথানির্ভর বাস্তবতার বাইরে সাংকেতিক শিল্পকর্ম মানুষকে গভীরতর সত্যের সন্ধান দেয়। রবীন্দ্রনাথের সাংকেতিক নাটকও আমাদের অন্ধকার অন্তরসত্তাকে আলোয় ভরে তোলে।’ স্বাগত বক্তব্যে শামসুজ্জামান খান বলেন, ‘নিজের ব্যক্তিগত সৃষ্টি ছাপিয়ে বাঙালি সংস্কৃতিকে রবীন্দ্রনাথ বিশ্বসভায় নতুনতর উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন। তাঁর সৃষ্টির বৈভব আজও সমান প্রাসঙ্গিক।’ মূল প্রবন্ধে করুণাময় গোস্বামী বলেন, ‘নাট্যান্তঃপ্রাণ রবীন্দ্রনাথ নাটকের বিষয়বস্তুর পাশাপাশি নির্মাণকলা নিয়েও সমান নিরীক্ষাশীল ছিলেন।’ প্রসঙ্গক্রমে তিনি প্রকৃতির প্রতিশোধ নাটকের উল্লেখ করে বলেন, সীমা-অসীমের দ্বন্দ্ব নিয়ে ভেবেছেন রবীন্দ্রনাথ। কোনো অলীক কল্পনা নয়, মানবজীবনের মধ্যেই মুক্তির সম্ভাবনা প্রত্যক্ষ করেছেন তিনি। পাশাপাশি অচলায়তন নাটকে আনুষ্ঠানিক ধর্মের আচার-সর্বসত্তাকে প্রশ্নবিদ্ধ করেছেন। আবার ফাল্গুনী নাটকে যৌবন ও বিগত যৌবনের দ্বন্দ্ব উপস্থাপিত। মুক্তধারা নাটকেও রবীন্দ্রনাথের সমানাধিকার ভাবনা প্রকাশিত। রক্তকরবী নাটকে ধনতন্ত্রের উদগ্র লোভ-শোষণ-সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষাকে আক্রমণ করা হয়েছে। তাসের দেশ নাটকেও তিনি বন্ধনমুক্তির কথা বলেছেন। শেষে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন শিল্পী সাদি মহম্মদ ও অদিতি মহসীন।জাতীয় জাদুঘরের প্রতিষ্ঠাবার্ষিকী বাংলাদেশ জাতীয় জাদুঘরের ৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গতকাল রোববার। এ উপলক্ষে কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘বাংলাদেশ জাতীয় জাদুঘর: প্রেক্ষিত ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. হাবিবুর রহমান। প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক সুলতানা শফি। সভাপতিত্ব করেন জাদুঘর প্রযত্ন বোর্ডের সভাপতি এম আজিজুর রহমান। সূচনা বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস।সুকান্তের ৮৫তম জন্মবার্ষিকীগোপালগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল গোপালগঞ্জে কবি সুকান্ত ভট্টাচার্যের ৮৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামে কবির পৈতৃক নিবাসে জেলা পরিষদের তৈরি করা মিলনায়তনে প্রথম আলো বন্ধুসভা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বন্ধুসভা গোপালগঞ্জ শাখার সভাপতি আলী নাইম খানের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কবীর মাহমুদ, হাবিবুর রহমান, মিজানুর রহমান, কনকন সেন, বন্ধুসভার সাধারণ সম্পাদক সালমা আক্তার প্রমুখ। পরে স্থানীয় শিল্পীরা কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন।কলকাতায় গড়ে উঠছে রবীন্দ্রতীর্থকলকাতা প্রতিনিধি জানিয়েছেন, আজ সোমবার ভারতজুড়ে নানা আয়োজনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত হচ্ছে। কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ সোমবার সকালে কলকাতায় জোড়াসাঁকো ঠাকুরবাড়ী, পার্ক সার্কাস ময়দান, কলেজ স্কোয়ার ও হরিশ পার্ক থেকে বের হবে পৃথক রবীন্দ্র-পদযাত্রা। সাত দিনব্যাপী অনুষ্ঠান চলবে কলকাতার গিরীশ মঞ্চ, মধুসূদন মঞ্চ, শিশির মঞ্চ, মিনার্ভা থিয়েটার ও বাংলা একাডেমী সভাঘরে। এদিকে শনিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন, কলকাতার উপশহর রাজারহাটে পাঁচ একর জায়গাজুড়ে গড়া হচ্ছে রবীন্দ্রতীর্থ। এখানে থাকবে মুক্তমঞ্চ, সংগ্রহশালা, প্রদর্শনশালা, গ্রন্থাগার, সংগীতালয়, মিলনায়তনসহ কবিগুরুর স্মৃতিবাহী নানান ঐতিহাসিক সামগ্রী, ছবি, চিঠিপত্র, পাণ্ডুলিপি ইত্যাদি। এ ছাড়া কলকাতার অদূরে রাজডাঙ্গায় গীতাঞ্জলি প্রকাশের শতবর্ষ উপলক্ষে গড়া হবে গীতাঞ্জলি স্টেডিয়াম। রবীন্দ্র স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনে বিশ্বভারতী ও কলকাতার জোড়াসাঁকোর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিদ্যালয়ে আয়োজন করা হয়েছে নানান অনুষ্ঠানের। এ ছাড়া দার্জিলিংয়ের মংপুতে কবির স্মৃতিবাহী বাসভবনে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের।এদিকে রবীন্দ্র উ ৎসবে সংগীত পরিবেশনের জন্য ভারতের তিন প্রতিথযশা শিল্পী তিন বোন লতা মুঙ্গেশকর, আশা ভোঁসলে ও উষা মুঙ্গেশকর রোববার কলকাতা এসেছেন। রাতে সায়েন্স সিটি মিলনায়তনে পঞ্চকন্যা নামের বিশেষ অনুষ্ঠানে তাঁরা তিন বোনসহ লোপামুদ্রা মিত্র ও স্বাগতালক্ষ্মী দাসগুপ্ত সংগীত পরিবেশন করেন।