
রবীন্দ্র-গবেষণায় সামগ্রিক অবদানের জন্য অধ্যাপক সৈয়দ আকরম হোসেন এবং রবীন্দ্রসংগীত চর্চায় বিশেষ অবদানের স্বীকৃতির জন্য শিল্পী তপন মাহমুদ পেয়েছেন বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার। গতকাল রোববার একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এ পুরস্কার দেওয়া হয়।
এ ছাড়া রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস উপলক্ষে দুই দিনের অনুষ্ঠানের শেষ দিন গতকাল ছিল একক বক্তৃতা ও সাংস্কৃতিক পরিবেশনা।
একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। রবীন্দ্রবিষয়ক একক বক্তৃতা দেন বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
অনুষ্ঠানের মঞ্চে পুরস্কারপ্রাপ্ত দুজনের হাতে ফুল, সম্মাননা স্মারক, সম্মাননাপত্র এবং পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার টাকার চেক তুলে দেন বাংলা একাডেমির সভাপতি এবং মহাপরিচালক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রবীন্দ্রনাথ সারা জীবন সত্য ও সুন্দরের সাধনা করে গেছেন। গেয়েছেন মানবমঙ্গলের গান। ব্যক্তিমানুষের অন্তর্গত বিষাদ-মোচনে রবীন্দ্রনাথ যেমন তাঁর জীবন ও সৃষ্টি নিয়ে প্রেরণার কাজ করেন, তেমনি সমাজ, দেশ ও বৈশ্বিক সংকটেও তিনি দিয়ে চলেন মুক্তির নির্দেশনা। আজ সারা দেশে যে সাংস্কৃতিক শূন্যতা বিরাজ করছে, তা নিরসন করতে দেশের তরুণ প্রজন্মকে রবীন্দ্র রচনার সান্নিধ্যে যেতে হবে এবং তৃণমূলে সাংস্কৃতিক বিস্তার ঘটাতে হবে।
অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গান শোনান ফাহিম হোসেন চৌধুরী ও অদিতি মহসিন। তাঁদের পরিবেশনায় ছিল ‘বরিষ ধরা-মাঝে শান্তির বারি’, ‘বিশ্বসাথে যোগে যেথায় বিহারো’ ইত্যাদি গান। কবিতা আবৃত্তি করেন মাহিদুল ইসলাম। নিজের একক বক্তৃতার মাঝে রেজওয়ানা চৌধুরী বন্যার খালি কণ্ঠে গাওয়া রবীন্দ্রনাথের কয়েকটি গানের অংশবিশেষ ছিল সমাগতদের বাড়তি পাওয়া।