

কবিগুরুর ৭৫তম প্রয়াণ দিবস সামনে রেখে প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি রবীন্দ্রসংগীতের অ্যালবাম। বরাবরের মতো এবারও সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানগুলো এ দিবসটিকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। রবীন্দ্রসংগীতের শিল্পী ও রবীন্দ্রভক্তরা নতুন করে রবীন্দ্রনাথের গানগুলোর জন্য অপেক্ষা করে থাকেন। রবীন্দ্রসংগীত চর্চায় উত্তরোত্তর উৎকর্ষ সাধনের মধ্য দিয়ে নতুন করে নিজেকে আবিষ্কারের চেষ্টা করে যাচ্ছেন এর শিল্পীরা। রবীন্দ্র প্রয়াণ দিবসে প্রকাশিত কয়েকটি অ্যালবামের পরিচিতি জেনে নেওয়া যাক।

রবীন্দ্র প্রয়াণ দিবসে রাবেন্দ্রীক শিরোনামে দ্বৈত গানের একটি অ্যালবাম নিয়ে আসছেন এই প্রজন্মের আলোচিত দুই কণ্ঠশিল্পী নির্ঝর চৌধুরী ও সিঁথি সাহা। গানগুলোর সংগীতায়োজন করেছেন রোকন ইমন। এই অ্যালবামের গানগুলোতে বাদ্যযন্ত্র হিসেবে শুধু পিয়ানো ব্যবহার করা হয়েছে বলে জানান নির্ঝর।
রবীন্দ্রনাথ ঠাকুরের হাসির গানগুলো নিয়ে শিল্পী চঞ্চল খান প্রকাশ করেছেন ও ভাই কানাই! নামের একটি অ্যালবাম। সুরের বাঁধনে শিরোনামে অ্যালবাম প্রকাশ করেছেন শিল্পী তানজিনা তমা।
রবীন্দ্রনাথ ঠাকুরের নয়টি গান নিয়ে শিল্পী মীরা মণ্ডল প্রকাশ করেছেন অনেক কথা বলেছিলাম অ্যালবামটি। এটি শিল্পীর প্রথম একক গানের অ্যালবাম। অ্যালবামটির সংগীতায়োজন করেছেন কলকাতার দূর্বাদল চট্টোপাধ্যায়।
রবীন্দ্রপ্রয়াণ দিবসে ভারতের রাগা মিউজিক থেকে বের হচ্ছে কণ্ঠশিল্পী কামাল আহমেদের ১৩তম অডিও অ্যালবাম দূরের বন্ধু।