রবীন্দ্র ভারতীতে হবে 'ঢাকা বিশ্ববিদ্যালয় উৎসব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কলকাতায় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে কাল ১৬ ডিসেম্বর থেকে শুরু হবে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় উৎসব ২০১৬’। এতে অংশ নিতে গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা ও সংগীত বিভাগের ২৫ জন শিক্ষক ও শিক্ষার্থী ভারতের উদ্দেশে রওনা দেন। উৎসব চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত।
দুই দিনের এই উৎসবে যোগ দিতে ভারতে যাচ্ছেন নৃত্যকলা বিভাগের চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যা ও সংগীত বিভাগের চেয়ারম্যান মহসীনা খানম। তা ছাড়া উৎসবের প্রথম দিন এতে অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, এই উৎসবের ধারাবাহিকতায় আগামী ফেব্রুয়ারি থেকে মার্চের একটি নির্দিষ্ট সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ‘রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় উৎসব’।
উৎসবের দ্বিতীয় ও শেষ দিনে বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগ মঞ্চস্থ করবে মৈমনসিংহ গীতিকা অবলম্বনে তৈরি সোনাই মাধব নৃত্যনাট্য। আর সংগীত বিভাগ উৎসবের প্রথম দিন দেশের গান ও শেষ দিন লোকগান পরিবেশন করবে। উৎসব শেষে ১৯ ডিসেম্বর দলটির ঢাকায় ফিরে আসার কথা।