রবীন্দ্রজন্মবার্ষিকীর আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকীর জাতীয় পর্যায়ের অনুষ্ঠানের গতকাল শনিবার ছিল দ্বিতীয় দিন। এতে ছিল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।‘অচলায়তন’: অচলায়তন নাটকটি প্রথাগত শিক্ষা ও ধর্মীয় গোঁড়ামির দেয়াল ভাঙার আহ্বান। দ্বাবিংশ জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবে গতকাল বিকেলে নাটকটি মঞ্চস্থ হয় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে। নাগরিক নাট্য সম্প্রদায়ের এ নাটকটির নির্দেশনা দিয়েছেন আলী যাকের। এতে অভিনয় করেন সালেক খান, রওনক হাসান, তাহমিনা ইসলাম, পান্থ শহরিয়ার, নওমী কামরুন প্রমুখ। নাটকের পর সংগীতানুষ্ঠানে অংশ নেন এমদাদ হোসেন, শাহনাজ রুমানা, সিফাত আহমেদ, অভীক দে, সুমাইয়া ফারাহ প্রমুখ। শিল্পীরা ‘মনে রবে কি না রবে আমারে’, ‘আমার মন মানে না’, ‘ছিন্ন পাতার সাজাই তরণী’—এসব গান গেয়ে শোনান।‘চিত্রাঙ্গদা’: মণিপুররাজের ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তাঁর বংশে কেবল পুত্রই জন্মাবে। তা সত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হলো তখন রাজা তাঁকে পুত্ররূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনীতি। এদিকে অর্জুন দ্বাদশ বর্ষব্যাপী ব্রহ্মচর্যব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখন এই নাটকের আখ্যান শুরু। গতকাল সন্ধ্যায় চিত্রাঙ্গদা নৃত্যনাট্যটি মঞ্চস্থ হয় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়। নৃত্যলোক সাংস্কৃতিক কেন্দ্রের এই নৃত্যনাট্যের নির্দেশনা দেন কবিরুল ইসলাম, একই সঙ্গে তিনি অর্জুনের চরিত্রও রূপায়ণ করেন। চিত্রাঙ্গদার কুরূপা চরিত্রে ফারহানা চৌধুরী ও সুরূপা চরিত্রে রূপদান করেন সাদিয়া ইসলাম মৌ। এর আগে সন্ধ্যায় ছিল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এ ছাড়া উপস্থিত ছিলেন নাট্যজন রামেন্দু মজুমদার।রবীন্দ্রনাথের বিজ্ঞানভাবনা: গতকাল বিকেলে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বিজ্ঞান সংস্কৃতি পরিষদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে ‘রবীন্দ্রনাথের বিজ্ঞানভাবনা’ শীর্ষক প্রবন্ধ পড়েন অধ্যাপক আলী আজগর। শীর্ষক প্রবন্ধ পড়েন আবুল কাসেম ফজলুল হক। প্রধান অতিথি ছিলেন সন্জীদা খাতুন। সভাপতিত্ব করেন সিরাজুল ইসলাম চৌধুরী।