রবীন্দ্রজয়ন্তীতে স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে একাধারে মঞ্চ ও বিটিভিতে স্মরণীয় প্রদর্শনী এবং বাংলাদেশ বেতারে পরিবেশনার পর দর্শক-নন্দিত প্রযোজনা কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’র আরও একটি বিশেষ প্রদর্শনী করতে যাচ্ছে স্বপ্নদল। আজ ২০ মে রোববার সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আলোচিত এ প্রযোজনার ১৪তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।রবীন্দ্রনাথের চিরায়ত সৃষ্টি কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’র নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। তিনি জানিয়েছেন, ‘মাত্র ৩১ বছর বয়সে ১৮৯২ সালে রবীন্দ্রনাথ মহাভারতের চিত্রাঙ্গদা উপাখ্যানটিকে রূপক ধরে আধুনিক দৃষ্টিভঙ্গিতে মানবের অন্তর্দ্বন্দ্বের প্রতিবিম্বরূপে রচনা করেন কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’।জাহিদ রিপন জানান, কাব্যনাটক ‘চিত্রাঙ্গদা’ রচনার অন্তত ৪৪ বছর পর রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৩৬ সালে তাঁর পঁচাত্তর বছর বয়সে রচনা করেন নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। এটি দেশ-বিদেশে অসংখ্যবার মঞ্চায়িত হয়েছে। অন্যদিকে কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ রবীন্দ্রনাথের একটি দুরূহ ও অপ্রচলিত রচনা, এমনকি রবীন্দ্রনাথও এটি মঞ্চায়নে উদ্যোগী হননি। তিনি বলেন, প্রাপ্ত তথ্যমতে, রচনার ১১৯ বছর পর সার্ধশত রবীন্দ্রবর্ষে স্বপ্নদলের প্রযোজনাতেই আধুনিক মঞ্চে প্রথম কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’র নিয়মিত মঞ্চায়ন সূচিত হয়েছে।’‘চিত্রাঙ্গদা’ প্রযোজনাটির গ্রন্থিকেরা হলেন সোনালি রহমান জুলি, ফারজানা রহমান মিতা, মোস্তাফিজুর রহমান, শাখাওয়াত শ্যামল, শিশির সিকদার, হাসান রেজাউল, সামাদ ভূঞা, সুকন্যা আমীর, জেবুন্নেসা আলো, মাধুরী বেপারী সুমি, মেহেরুন্নেসা ঋতু, এনামুল হক শাহীন, রেজাউল মাওলা নাবলু, মাসুদ রানা, আলী হাসান, রওনক লাবণী, আব্দুর রহিম, বিমল দাশ, মিটুল চৌধুরী, সাহানুর রহমান প্রমুখ। উল্লেখ্য, রবীন্দ্রনাট্য নির্মাণে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অনুদানে এবং সার্ধশত রবীন্দ্রবর্ষে রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধাঞ্জলি-স্মারক প্রযোজনা হিসেবে স্বপ্নদল ‘চিত্রাঙ্গদা’ মঞ্চে আনে।