রবীন্দ্রনাথ ও তাঁর চিত্রকলা
প্রজেক্টরে যখন একের পর এক ভেসে উঠছে রবীন্দ্রনাথের আঁকা চিত্রকর্ম ও আত্মপ্রতিকৃতি, তখন চিত্রকর রবীন্দ্রনাথ ও তাঁর চিত্রকর্ম সম্পর্কে বলছেন বিশিষ্ট শিল্প-সমালোচক প্রণবরঞ্জন রায়। বেঙ্গল ফাউন্ডেশন তাদের ধানমন্ডির শিল্পালয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রবীন্দ্রনাথের চিত্রকলাবিষয়ক এ বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করে। এতে স্বাগত বক্তব্য দেন শিল্পালয়ের পরিচালক সুবীর চৌধুরী। দর্শক সারিতে উপস্থিত ছিলেন শিল্পী ও শিল্পানুরাগীরা। রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রণবরঞ্জন দেব বলেন, ‘রবীন্দ্রনাথ চিত্রকলাচর্চা শুরু করেছেন অনেক পরিণত বয়সে। প্রায় ৭০ বছর বয়সে। এর আগে বহুবার প্রসঙ্গক্রমে তিনি বলেছেন, “চিত্রকলাটা আমার কাছে দুর্বোধ্য মনে হয়। তাই এটা আয়ত্ত করার সাহস আমি করি না। তবে দূর থেকে এটা বোঝার চেষ্টা করছি। আমি চিত্রকরদের ঈর্ষা করি।” যে রবীন্দ্রনাথ চিত্রকলা সম্পর্কে এমন কথা বলেছেন, তিনি কেন ৭০ বছর বয়সে এ পথে গেলেন, এর উত্তর খুঁজতে গিয়ে অনেকে বলেছেন, পদ্যে আর গদ্যে অনেক বলার পরও তাঁর অভিব্যক্তি প্রকাশের আরও অনেক বাকি ছিল, যা তিনি পদ্যে ও গদ্যে প্রকাশ করতে পারছিলেন না। সেসব প্রকাশের জন্যই তিনি আঁকতে শুরু করেন।’প্রণবরঞ্জন রায় বক্তৃতায় ইউরোপ ও লাতিন আমেরিকাসহ পৃথিবীর নানা দেশের বিভিন্ন আঙ্গিক ও রীতির চিত্রকর্মের সঙ্গে রবীন্দ্রনাথের চিত্রকর্মের তুলনামূলক আলোচনা করেন। বক্তৃতা শেষে তিনি শিল্পী ও শিল্পানুরাগীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।