
দ্য ডেইলি স্টার আয়োজিত বাংলা গানের নিয়মিত আসর স্টার মেলোডিজের এবারের আয়োজন ছিল রবীন্দ্রনাথ ও নজরুলের প্রেমের গান নিয়ে। আট বিশিষ্ট গুণীজন পছন্দ করেন দুই কবির এমনসব গান গাওয়া হয় অনুষ্ঠানে।
দুই কবির জন্মদিন ২৫ বৈশাখ ও ১১ জ্যৈষ্ঠ উপলক্ষে দ্য ডেইলি স্টার ভবনের এ এস মাহমুদ সেমিনার হলে গতকাল শনিবার সন্ধ্যায় হয়ে গেল বিশেষ এ আয়োজন।
যাঁদের প্রিয় গান নিয়ে অনুষ্ঠান—তাঁরা হলেন শিক্ষাবিদ আনিসুজ্জামান, সংগীত ব্যক্তিত্ব সন্জীদা খাতুন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, কবি আসাদ চৌধুরী, শিল্পানুরাগী আবুল খায়ের, নাট্যকার মামুনুর রশীদ, চলচ্চিত্র নির্মাতা মশিহউদ্দিন শাকের ও শিক্ষাবিদ নিলুফার মঞ্জুর।
অনুষ্ঠানে গাওয়া রবীন্দ্রনাথের গানগুলো ছিল—‘মনে রবে কি না রবে আমারে’, ‘আমার পরান যাহা চায়’, ‘তোমায় গান শোনাব’, ‘আজি বিজন ঘরে’, ‘দিনশেষের রাঙা মুকুল’। গেয়েছেন তপন মাহমুদ, রেজওয়ানা চৌধুরী বন্যা ও অদিতি মহসিন।
নজরুলসংগীতগুলো ছিল ‘প্রথম প্রদীপ জ্বালো’, ‘শাওন রাতে যদি’, ‘আমার আপনার চেয়ে আপন যে জন’, ‘আবার ভালোবাসার সাধ জাগে’, ‘মোর প্রিয়া হবে এসো রানী’, ‘মোর ঘুমঘোরে এলে মনোহর’। গাইলেন ফেরদৌস আরা, নাসিমা শাহীন ও তানভীর আলম। আটজনের প্রত্যেকের কাছ থেকে দুই কবির তিনটি করে প্রিয় গান নেওয়া হয়। সেখান থেকে তাঁদের এক বা একাধিক পছন্দের গান গেয়ে শোনান শিল্পীরা।