রবীন্দ্রনাথ কি কেবলই এক গীতিকার?

শুধু গানই নয়, ভদ্রলোক গল্প, কবিতা, উপন্যাসও লিখতেন। অথচ তাঁর গানের চর্চা ও ব্র্যান্ডিং এমন জায়গায় গেছে যে লোকে ভুলতে বসেছে রবীন্দ্রনাথ ঠাকুরের অন্য সব সৃষ্টির কথা। সংগীতে আবার রয়েছে সতর্কতা। গাইতে গিয়ে একচুল ভুল হলেই যেন গর্দান যাবে। অনেকেই দূরে থাকেন, গাইলেও খুব সাবধানে। হ্যাঁ, এই বাংলায় একটু ভয় আছে। জমিদার রবীন্দ্রনাথের জন্য ততটা ভয় ছিল না, যতটা ভয় তাঁর এই বাংলার অনুসারীদের। ফল হলো এই—যতটা ‘পপুলার’ হওয়ার কথা ছিল, রবীন্দ্রসংগীত এই বাংলায় ততটা হয়নি। অথচ কলকাতায় রবিবাবুর গান রীতিমতো ব্যান্ডসংগীতের মতো প্রিয়। তানজীনা তমার নতুন গানগুলো অবশ্য সে রকম নয়। সম্প্রতি ভারতের হিন্দুস্তান রেকর্ডস থেকে বেরিয়েছে তাঁর সপ্তম অ্যালবাম হৃদয় মাঝে। সংগীতায়োজন করেছেন কলকাতার সুরজিৎ দাশ।
এবারও যথাযথ ভক্তি-শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্য রেখে গানগুলো গেয়েছেন তমা। কবিগুরুর এ বছরের জন্মদিনে হলো রেকর্ডিং, প্রয়াণদিনে পেল প্রকাশ। গান বাছতে গিয়ে দেখা গেল, প্রেমপর্বেই শুধু প্রেমের গান আছে, তা নয়। রবিবাবু নিজে প্রেমিক মানুষ ছিলেন। তাঁর কি প্রকৃতি, কি পূজা, কি বিচিত্র পর্ব—সব গানেই প্রেমের ছোঁয়াচ। মানে শুনতে প্রেমের মতো লাগে আর কি। অথচ এমন তীব্র এক প্রেমিককে স্রেফ এক গীতিকার বানিয়ে রেখে দিয়েছেন একশ্রেণির রবীন্দ্রসংগীত চর্চাকারী। তমারও একই মত।
এক দশক হতে চলল ছায়ানট সংগীত বিদ্যায়তনে রবীন্দ্রসংগীত শেখান তমা। শেখা, গাওয়া ও শেখানোর এই দীর্ঘ রাঙা পথে কী কী মিলল? অনেক বোঝাপড়া, অনেক চ্যালেঞ্জ পেরিয়ে পৌঁছেছেন উপলব্ধির এক নির্জন শহরে—‘শুধু গান শিখলেই রবীন্দ্রসংগীতের শিল্পী হওয়া যায় না।’ তমা মনে করেন, রবীন্দ্রনাথকে আমরা এত উঁচুতে তুলে রেখেছি যে সবাই সেই উচ্চতার নাগাল পাবে না। একটু সহজ-সরল করে কবিগুরুর সমাজভাবনা, কৃষিচিন্তা, ক্ষুদ্রঋণের তরিকাগুলো তরুণদের কাছে মেলে ধরা যায়। ‘তাঁকে শুধু একজন গীতিকার বানিয়ে রাখলে তো হয় না। এতে কিন্তু আমাদের দৈন্যই কেবল বাড়ে। এই যে চলচ্চিত্র জায়গাটা, এটায় তো তিনি নির্বাসিত। অথচ নিজে তিনি অভিনয় করেছেন। কোনো বাঙালির থেকে তাঁর প্রেমের গল্প কম আকর্ষণীয় নয়। কী হয় সেগুলো সিনেমায় আনলে?’
‘এই সব ভেবে আপনি নিজে কী করছেন’, জানতে চেয়ে লজ্জায় পড়ে যেতে হয়। ‘বিভাস’ নামে একটা সব-বয়সীদের স্কুল আছে তাঁর। কেউ সেখানে আঁকা শেখে, কেউ বা গাওয়া। আছে নাচ, আবৃত্তি শেখা ও চর্চার সুযোগ। সেখানকার শিশুদের নিয়ে তিনি আশাবাদী বটে। কিন্তু বাচ্চার মা-বাবার প্রত্যাশা নিয়ে তিনি বললেন সেই পুরোনো কথা, ‘সব ম্যাগি নুডুলস। এক্ষুনি সব পেতে চায়। কদিন না যেতেই জানতে চায়, কবে টিভিতে গাইতে পারবে? কিন্তু গান শেখা কি এত সহজ? ১৯৯৩ সালে আমরা ছায়ানটে ভর্তি হলাম ২৬০ জন। সমাপনী দিয়েছি ১১ জন।’