
রবীন্দ্রপ্রয়াণ দিবস স্মরণে অনুষ্ঠান, সে তো গৎবাঁধা কিছু গান, কিছু নাচ! সঙ্গে একটা বা দুটো কবিতাও থাকতে পারে। এই তো দেখে আসছি বছরের পর বছর। কিন্তু ছায়ানটের গতকাল সন্ধ্যার অনুষ্ঠানকে সেই ঘেরাটোপে বেঁধে রাখা গেল না। এ যেন এক নতুন ভাবনার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন সন্জীদা খাতুন। অনুষ্ঠান তাহলে এ রকমও হতে পারে!
জমকালো কোনো মঞ্চসজ্জা নয়। অনুষ্ঠানের শুরুতে কেউ ভাবতেই পারেনি এই সাদামাটা মঞ্চে কী অসাধারণ ঘটনা ঘটবে একটু পর! রবীন্দ্রনাথকে, রবীন্দ্রনাথের গানকে, রবীন্দ্রদর্শনকে এভাবে এত সহজে দর্শক-শ্রোতাদের নাগালের মধ্যে এনে দেওয়া হবে, তা কি ভেবেছিল কেউ?
মঞ্চসজ্জা বলতে রবীন্দ্রনাথের একটি পোট্রে৴ট। তা থেকে ঠিকরে বের হচ্ছে আলো। সামনে একেবারে বাঁদিকে তবলা, মাঝখানে হারমোনিয়াম, এসরাজ, মন্দিরা আর ডান দিকে একটি আসনে বসেছেন সন্জীদা খাতুন, আরেকটি হারমোনিয়াম নিয়ে। একটি গানের পরই মাঝের জায়গাটিতে আসছেন নতুন শিল্পী, গাইছেন গান। বাঁ ও ডান দিকটিতে কোনো পরিবর্তন নেই।
অনুষ্ঠানের পুরোটা সময় সন্জীদা খাতুন থাকলেন মঞ্চে। শুরুতেই রবীন্দ্রনাথের গান নিয়ে করলেন আলাপচারিতা। গাইলেন ভানুসিংহের পদাবলী থেকে ‘মরণ রে, তুঁহুঁ মম শ্যামসমান’। গানের আগে গানটির দর্শন নিয়ে বিভ্রান্তির কথাও বললেন। প্রবীণ অধ্যাপকেরাও এই গানের ব্যাখ্যা দিতে গিয়ে বিভ্রান্ত হন। আসলে রবীন্দ্রনাথ তো মরণকে শ্যামের মতো আলিঙ্গন করতে চাইছেন না, তিনি বরং ভানুসিংহ হয়ে রাধিকাকে তিরস্কার করে বলছেন, ‘ভানু ভনে ওই রাধা ছিয়ে ছিয়ে/ চঞ্চল চিত্ত তোহারি/ জীবনবল্লভ মরণ অধিক-সো অব তুঁহুঁ দেখ বিচারি।’ রবীন্দ্রনাথ জীবনবল্লভকেই প্রিয় বলে ঘোষণা করলেন।
ব্রজবুলি উচ্চারণের ক্ষেত্রে যে কিছু সমস্যা হচ্ছে, তা নিয়েও কথা বললেন সন্জীদা খাতুন। তালব্য ‘শ’ আর দন্ত ‘স’, ‘য’ ও ‘ইয়’ উচ্চারণের সমস্যা নিয়ে আলোচনা করলেন। ব্রজবুলিতে ‘যামিনী’, ‘যমুনা’ই বলতে হবে, ‘ইয়ামিনি’, ‘ইয়ামুনা’ নয়। স্মরণ করিয়ে দিলেন, মৈথিলি অনুসরণ করেই বিদ্যাপতি ব্রজবুলি ভাষা তৈরি করেছিলেন। রবীন্দ্রনাথ তাঁর ১৮ বছর বয়সে ব্রজবুলিতেই লিখলেন ভানুসিংহের পদাবলী।
সম্মেলক গান ছিল একটিই, ওই ভানুসিংহের পদাবলী থেকেই, ‘শুন লো শুন লো বালিকা’। এরপর প্রতিটি গানের আগেই কিছু কথা বলেছেন সন্জীদা খাতুন। রবীন্দ্রনাথ যে মৃত্যুকে অগ্রাহ্য করে জীবনের গানই গেয়েছেন বারবার, সে কথাটি রবীন্দ্রনাথের বিভিন্ন গানের মধ্য দিয়েই নিয়ে এলেন তিনি। তাতে ‘মেঘ ও রৌদ্র’ গল্পের শশীভূষণ আর গিরিবালার কথাও বাদ গেল না। আর সে গল্প বলা শেষ হলে ফাহ্মিদা খাতুন এসে ‘এসো এসো ফিরে এসো’ গানটি করে মন ভরিয়ে দিলেন দর্শক-শ্রোতাদের। আগে-পরে সৈকত মুখার্জী, মো. সিফায়েত উল্লাহ, আজিজুর রহমান, এ টি এম জাহাঙ্গীর, আবদুল ওয়াদুদ, তানিয়া মান্নানের করা গানগুলোও সন্জীদা খাতুনের ব্যাখ্যার কারণে অন্য মাত্রা পেয়ে গেল।
কথকতা নিয়ে সন্জীদা খাতুনের আলোচনাটিও হৃদয়ভরে উপভোগ করলেন দর্শক-শ্রোতারা। ‘তোমায় নতুন করে পাব বলে হারাই ক্ষণে ক্ষণ’ গানটি আসলে কথকতা, কিন্তু এখন টপ্পা করেই গাওয়া হয়। তেমনি কথকতা হলো ‘কৃষ্ণকলি’ গানটিও। সেখানে আবার দুটি জায়গায় আছে কীর্তনের সুর (‘ঘোমটা মাথায় ছিল না তার মোটে’ আর ‘আকাশপানে হানি যুগল ভুরু’)। কথকতা নিয়ে বলতে গিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পথের পাঁচালী নিয়েও হলো কথা। অপুর বাবা হরিহর কাশীর ঘাটে কথকতাই করতেন। পুরোনো কাহিনি বলে যাচ্ছেন আবার কখনো তাতে লাগাচ্ছেন সুর। এভাবেই হয় কথকতা।
শেষ পর্যায়ে এসে ‘আমায় ক্ষমো হে ক্ষমো’ গানটি গাইলেন সন্জীদা খাতুন, সঙ্গে থাকল ওয়ার্দা রিহাবের নাচ।
ছায়ানটের ঐতিহ্য অনুযায়ী জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শেষ হলো অনুষ্ঠান। বলা ভালো, শুধু গান শুনে বা নাচের ছন্দে যাঁরা মোহিত হতে চেয়েছিলেন, তাঁরা যেন অন্য এক আবেশে নিজেদের জড়িয়ে নিতে পারলেন। যে দর্শক-শ্রোতারা ছায়ানটের অনুষ্ঠান দেখতে আসেন, তাঁরা আসলে তৈরি দর্শক। কিন্তু তাঁরাও যেন চিরাচরিত অনুষ্ঠানের বাইরে আরও কিছু পেলেন। দর্শক-শ্রোতার অভিজ্ঞতার স্তর পরিবর্তন ঘটল যেন!