রবীন্দ্রনাথ নিয়ে দুটি আয়োজন
‘আজ শ্রাবণের আমন্ত্রণে/দুয়ার কাঁপে ক্ষণে ক্ষণে/ঘরের বাঁধন যায় বুঝি আজ টুটে...।’ শ্রাবণের বরিষনে এভাবেই মুক্তির ডাক পেয়েছিলেন বাংলা সাহিত্যের প্রবাদপুরুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর একদিন এই শ্রাবণেরই ২২ তারিখে ঘটে তাঁর মহাপ্রয়াণ; ঘরের বাঁধন ছেড়ে তিনি চলে গেলেন অমর্ত্যলোকে। বাইশে শ্রাবণ আসন্ন। এ উপলক্ষে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা ও ছায়ানট গতকাল শুক্রবার সন্ধ্যায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে ‘রবীন্দ্রনাথের মৃত্যুভাবনা’ নিয়ে বক্তব্য দেন সংস্থার সভাপতি তপন মাহমুদ। এরপর শুরু হয় সংগীত পরিবেশনা। একে একে গান করেন শিল্পী ইফফাত আরা দেওয়ান, তপন মাহমুদ, সাদি মহম্মদ, ফাহিম হোসেন চৌধুরী, মহিউজ্জামান চৌধুরী, সাজেদ আকবর, সালমা আকবর, পীযূষ বড়ুয়া, গোলাম হায়দার প্রমুখ। শিল্পীদের পরিবেশনায় ছিল ‘দিনের শেষে ঘুমের দেশে’, ‘আমার যে দিন ভেসে গেছে’, ‘এক মনে তোর একতারাতে’, ‘শুধু যাওয়া আসা’, ‘নিশিথে কী কয়ে গেলে মনে’, ‘বন্ধু রহো রহো’ ইত্যাদি।ছায়ানটের আয়োজন: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলো স্বরলিপি আকারে সাজানো আছে ৬৫ খণ্ডে। বসন্ত, বর্ষা আর শরতের গান আলাদা রাখতে ঋতু নিয়ে যে কটি স্বরবিতান, তাতে অন্য গানও আছে। তেমনই বর্ষার গানের কেতকীতেও এসেছে নানা প্রসঙ্গ। এই কেতকীর গান নিয়েই গতকাল সন্ধ্যায় বিশেষ অনুষ্ঠান সাজিয়েছে ছায়ানট। এতে ছিল সংগীত-পাঠ ও নৃত্য।ছায়ানট মিলনায়তনে সন্ধ্যা সাতটায় শুরু হয় অনুষ্ঠান। শুরুতে কেতকী নিয়ে বক্তব্য দেন সন্জীদা খাতুন। এরপর ‘আজ বারি ঝরে ঝরঝর ভরা বাদরে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন সুদেষ্ণা স্বয়ম্প্রভা। এরপর পালাক্রমে ছলে সম্মেলক ও একক গান, পাঠ এবং গানের সঙ্গে নৃত্য। একক পরিবেশনায় ছিল ইফফাত আরা দেওয়ান, মহিউজ্জামান চৌধুরী, রোকাইয়া হাসিনা, মিতা হক, লাইসা আহমদ, আজিজুর রহমান, সুমা রানী রায়, সুকান্ত চক্রবর্তী, দীপাঞ্জন মুখার্জি প্রমুখের গান। তাঁদের পরিবেশনায় ছিল ‘ঝর ঝর বরিষে বারিধারা’, ‘শাঙনগগনে ঘোর ঘনঘটা’, ‘আজি শ্রাবণ ঘনগহন মোহে’, ‘মেঘের পরে মেঘ জমেছে’, ‘আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে’, ‘আজি ঝড়ের রাতে তোমার অভিসার’ ইত্যাদি গান।