রবীন্দ্রনাথকে নিয়ে আয়োজন কবি অনুরাগিণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতের সন্ধ্যায় জবুথবু চারপাশ। তবে রবীন্দ্রভক্তদের শীত কাবু করতে পারেনি। গতকাল বুধবার জাতীয় জাদুঘর মিলনায়তনে রবীন্দ্রসংগীতসন্ধ্যায় দর্শকের সারি তাই পূর্ণই ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্ম নিয়ে ভিন্নধর্মী এ অনুষ্ঠান ‘কবি অনুরাগিণী’ আয়োজন করে যৌথভাবে মহানন্দা ও দক্ষিণায়ন। অনুষ্ঠানে যুক্তরাজ্যপ্রবাসী শিল্পী আনন্দ গুপ্ত রবীন্দ্রনাথের গান ও জীবনচিন্তা তুলে ধরেন। একাধারে বেশ কয়েকটি রবীন্দ্রসংগীত পরিবেশনও করেন তিনি। আনন্দ গুপ্তের সঙ্গে তবলায় সঙ্গত করেন পণ্ডিত বিপ্লব মণ্ডল। আনন্দ গুপ্ত রবীন্দ্রনাথের প্রয়াণের পর কবির অনুরাগী ভিক্টোরিয়া ওকাম্পোর লেখা এবং স্ত্রীর কাছে কবির লেখা চিঠি পাঠ করে শোনান। দর্শকদের ভিন্নতার আস্বাদ দেয় তা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী লিলি ইসলামও। এ ছাড়া আবৃত্তি করেন জয়ন্ত চট্টোপাধ্যায় ও ডালিয়া আহমেদ। নৃত্য পরিবেশন করেন ওয়ার্দা রিহাব। রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে নাটক তোতা কাহিনী পরিবেশন করে শ্রুতি সাংস্কৃতিক একাডেমি। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন অরিন্দম পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী প্রমুখ। আয়োজকদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানন্দা ও দক্ষিণায়ন যৌথভাবে বিশ্বকবির সংগীত, ভাবনা ও দর্শনকে সর্বসাধারণের কাছে পৌঁছে দিতে চেষ্টা করে।এখন শওকত ওসমানের মতো প্রতিবাদীর প্রয়োজন বর্তমান পরিস্থিতিতে শওকত ওসমানের মতো একজন প্রতিবাদী মানুষের প্রয়োজন ছিল। তিনি সাহিত্যে সমাজের, রাষ্ট্রের নানা অসঙ্গতি তুলে ধরতেন। আজন্ম লেখনীর মাধ্যমে শোষিতের কথা বলে গেছেন। এ ছাড়া তিনি ছিলেন মনেপ্রাণে সাম্প্রদায়িকতা ও মৌলবাদবিরোধী। গতকাল বুধবার প্রয়াত কথাশিল্পী শওকত ওসমানের ৯৭তম জন্মদিনে এক স্মরণসভায় বক্তারা এ কথা বলেন। শওকত ওসমান স্মৃতি পরিষদ মুক্তিযুদ্ধ জাদুঘরে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের সভাপতি ভাষাসৈনিক আহমদ রফিক বলেন, শওকত ওসমান তাঁর সাহিত্যকর্মে অত্যন্ত প্রাঞ্জল ভাষার ব্যবহার করতেন। বর্তমান অবস্থায় তাঁর মতো একজন প্রতিবাদী মানুষের প্রয়োজন।বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক মনসুর মুসা বলেন, শওকত ওসমান তাঁর লেখায় সমাজের যে চিত্র তুলে ধরতেন, তা আজও প্রাসঙ্গিক।শওকত ওসমানের বড় ছেলে বুলবন ওসমান বলেন, ‘বাবা ছিলেন আমাদের জীবনের সবচেয়ে বড় পরামর্শক। তিনি ছিলেন সহানুভূতিশীল একজন মানুষ।’আরেক ছেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, ‘কীভাবে নির্লোভ জীবন যাপন করতে হয়, তার শিক্ষা পেয়েছি বাবার কাছে।’শওকত ওসমানের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসচিব রফিকুল ইসলাম, শওকত ওসমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ও আন্দালিব রাশদী।ক্রীতদাসের হাসি ও জননীর মতো বহুল প্রশংসিত উপন্যাসের রচয়িতা শওকত ওসমান ১৯৯৮ সালের ১৪ মে ঢাকায় মৃত্যুবরণ করেন। তিনি বাংলা একাডেমী পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারসহ অনেক পুরস্কার পেয়েছেন। তাঁর বেশ কিছু সাহিত্যকর্ম বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।