রবীন্দ্রনাথকে নির্মাণ করেছে বাংলাদেশ : পবিত্র সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র সরকার
পবিত্র সরকার

ভারতের পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক পবিত্র সরকার বলেছেন, রবীন্দ্রনাথকে নির্মাণ করেছে বাংলাদেশ। এ দেশেই রবীন্দ্রচর্চা বেশি হচ্ছে। প্রেম, প্রকৃতির সাড়া জাগানোর সৃষ্টি ছাড়াও রবীন্দ্রনাথের কোমল দিকের পাশাপাশি যে এক তেজোদীপ্ত দিক আছে, সেটা মুক্তিযুদ্ধের সময়েই প্রমাণিত হয়েছে। রবীন্দ্রনাথ ও জীবনানন্দকে নতুন করে আবিষ্কার করেছে বাংলাদেশ।
পবিত্র সরকার মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।
সৃজনশীল প্রকাশনা সংস্থা ঐতিহ্য প্রকাশিত সৈয়দ আকরম হোসেন সম্পাদিত ৩০ খণ্ড ঐতিহ্য রবীন্দ্র-রচনাবলির প্রকাশনা অনুষ্ঠান আগামীকাল বুধবার বিকেল পাঁচটায় অনুষ্ঠিত হবে। শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী, সাবেক উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, রবীন্দ্রসংগীতশিল্পী অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা ও জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি আজিজুর রহমান।
এই প্রকাশনাটি বিস্তারিত জানাতে অনানুষ্ঠানিক আড্ডার আয়োজন করা হয়। এ আড্ডার মধ্যমণি ছিলেন পবিত্র সরকার। আরও উপস্থিত ছিলেন প্রকাশনা সংস্থা ঐতিহ্যর প্রধান নির্বাহী আরিফুর রহমান, ৩০ খণ্ড ঐতিহ্য রবীন্দ্র-রচনাবলির সম্পাদনা সহযোগী আবুল বাসার ফিরোজ, অস্ট্রিক আর্যু প্রমুখ।

এ সময় প্রকাশক আরিফুর রহমান দাবি করেন ২২৫০০ পৃষ্ঠার অধিক এই রচনাবলি বাংলাদেশের সর্ববৃহৎ প্রকাশনা। তিনি জানান, রবীন্দ্রনাথের প্রাপ্ত সমগ্র বাংলা রচনা প্রকাশক্রম-অনুসারে এই ত্রিশ খণ্ডে নতুনভাবে বিন্যাস করা হয়েছে। এই প্রথম রবীন্দ্রনাথের সমগ্র চিঠিপত্র ‘ছিন্নপত্র’, ‘ছিন্নপত্রাবলী’, ‘চিঠিপত্র’ (১-১৯ খণ্ড), ‘প্রমথনাথ বিশীকে লিখিত পত্র’, ‘ভানুসিংহের পত্রাবলী’ ও ‘পথে ও পথের প্রান্তে’ অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া অখণ্ড ‘গীতবিতান’ও ভিন্ন রূপে ও প্রকরণে প্রকাশ করা হয়েছে। সাহিত্য-ছবি-গান ও সুরের মিথস্ক্রিয়ার দিকে লক্ষ রেখে রবীন্দ্রনাথ-অঙ্কিত ‘রূপ-বিরূপ’র দুই শতাধিক রঙিন ছবি ও প্রাসঙ্গিক চার শতাধিক সাদা–কালো ছবিও রচনাবলির অন্তর্ভুক্ত করা হয়েছে।

ঐতিহ্য রবীন্দ্র-রচনাবলির মূল্য ধরা হয়েছে ৪০,০০০ টাকা। বিশেষ ছাড়ে স্বল্প সময়ের জন্য ক্রেতারা ১৯,৯০০ টাকায় এই রচনাবলি কিনতে পারবেন।