রবীন্দ্রনাথকে নিয়ে উৎসব ‘নবরূপে ঠাকুর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ চার মাসব্যাপী উৎসবের আয়োজন করেছে। ‘রিডিসকাভার টেগোর’ বা ‘নবরূপে ঠাকুর’ শীর্ষক এ উৎসব চলবে আগামী বছরের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত। গতকাল রোববার ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসবের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎসবে চারটি পর্বের অনুষ্ঠানমালা থাকবে। প্রথম পর্বে ১২ থেকে ১৬ ফেব্রুয়ারি সৃজনশীল লেখক কর্মশালা। দ্বিতীয় পর্বে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চ্যানেল আইতে চলবে সুরের ধারার পরিচালক রেজওয়ানা চৌধুরী বন্যার পরিচালনায় তরুণ শিল্পীদের রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা। তৃতীয় পর্বে থাকবে ২১ এপ্রিল রবীন্দ্র-অনুপ্রাণিত ফ্যাশন শো। শেষপর্বে হবে ২২ এপ্রিল পাশ্চাত্য ফিউশন নৃত্যে নৃত্যনাট্য তাসের দেশ। সম্মেলনে কাউন্সিলের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ম্যাথিউ নোলস বলেন, রবীন্দ্রনাথের জীবনকে নতুন প্রজন্মের কাছে নতুন আঙ্গিকে তুলে ধরতেই ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ ‘নবরূপে ঠাকুর’ উৎসবের আয়োজন করেছে।অধ্যাপক আনিসুজ্জামান বলেন, রবীন্দ্রনাথ সারা বিশ্বে সমাদৃত ছিলেন। তাঁর চিন্তায় আন্তর্জাতিকতার ছোঁয়া ছিল। পৃথিবীর বিভিন্ন দেশে আজও তিনি প্রাসঙ্গিক। ব্রিটিশ-বাংলাদেশি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী আকরাম খান প্রথম আলোকে বলেন, ‘এবার বাংলাদেশে মূলত আমি একটি গবেষণার কাজে এসেছি। আমার সঙ্গে এসেছে বিভিন্ন দেশ থেকে আরও নয়জন। আমার কাছে বাংলাদেশ মানে লালনের দেশ, রবীন্দ্রনাথের দেশ। ছোটবেলায় তাঁর সাহিত্য পড়ে আমি অনেক অনুপ্রাণিত হয়েছিলাম, যা আজকের অনুষ্ঠানে আমাকে নিয়ে আসতে বাধ্য করেছে।’ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, নৃত্যব্যক্তিত্ব লুবনা মরিয়ম প্রমুখ। ভারতীয় সাংস্কৃতিক উৎসবভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘আনন্দযজ্ঞ’ শীর্ষক ভারতীয় সাংস্কৃতিক উৎসবের গতকাল ছিল তৃতীয় দিন। এ দিন বিকেলে জাতীয় চিত্রশালায় শুরু হয় কারুশিল্প প্রদর্শনী। সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় ছিল মনোজ মিত্র নির্দেশিত সুধারাম নাট্যদলের নাটক যা নেই ভারতে। শিল্পকলায় নবান্নের পিঠামেলাশীতের আগমনী বার্তাকে আমন্ত্রণ জানিয়ে গতকাল শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্রে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানের। বাংলাদেশ রাইটার্স গিল্ড আয়োজিত অনুষ্ঠানে ছিল ‘অঘ্রাণের সওগাত’ শীর্ষক আলোচনা, হেমন্তের গান ও নবান্নের পিঠামেলা। অনুষ্ঠানের কাছাকাছি পৌঁছাতেই ভেসে এল পিঠার ঘ্রাণ। নানা রকম পিঠা-পুলি দিয়ে সাজানো হয় নবান্নের এই আয়োজন। ছিল পাটিসাপটা, মালপোয়া, চন্দ্রপুলি, ঝালপুলি, ভাপাপুলি, সূর্যমুখী, ভাপা, লবঙ্গলতিকা, বিবিখানা, মুগ পাক্কন, গোলাপ পিঠা, ইলিশ পিঠা ইত্যাদি। সঙ্গে সুগন্ধি চালের ফিরনি। পিঠা-পুলির স্বাদ নিতে অনেকেই ভিড় করেছেন সেখানে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য ও দুর্যোগব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক। সভাপতিত্ব করেন কবি বেলাল চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন শহীদুল্লাহ ফরায়েজী। নারী নির্যাতনের বিরুদ্ধে গান ‘নারী নির্যাতনকে না বলুন, সত্যিকার পুরুষ হোন’ স্লোগান নিয়ে আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে কনসার্ট। আর্মি স্টেডিয়ামে দেশের শীর্ষ ১১টি ব্যান্ড এতে অংশ নেবে। সরকার ও ইউএনএফপিএর যৌথ সহযোগিতায় কনসার্টের আয়োজন করছে ব্যান্ড দলগুলোর শীর্ষ সংগঠন বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)। গতকাল একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকেরা। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক তাসির আহমেদ, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি (চলতি দায়িত্ব) আর্থার আরকেন এবং বামবার সভাপতি হামিন আহমেদ ও ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু।