রবীন্দ্রনাথকে নিয়ে ছায়ানটের বছরব্যাপী আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রজয়ন্তীর সার্ধশতবর্ষ (১৫০তম) উদ্যাপন উপলক্ষে ছায়ানট আয়োজন করেছে বছরব্যাপী নানা অনুষ্ঠানের। ১৬ জুলাই থেকে দুই দিনের রবীন্দ্র-উৎসবের মধ্য দিয়ে শুরু হচ্ছে এই আয়োজন। জানা গেছে, এই রবীন্দ্র-উৎসব অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে।রবীন্দ্রজয়ন্তীর সার্ধশতবর্ষ উদ্যাপনের বছরব্যাপী নানা আয়োজন নিয়ে কথা হলো ছায়ানটের নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য রহমানের সঙ্গে। তিনি জানান, ছায়ানটের এই আয়োজনের মূল ভাবনাটা হলো ‘রবীন্দ্রনাথের হাতে হাত রেখে বাংলাদেশ’। আর তা শুরু হচ্ছে ১৬ জুলাই। শেষ হবে আগামী বছর রবীন্দ্রজয়ন্তী উদ্যাপনের মধ্য দিয়ে। এসব আয়োজনের মধ্যে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে গীতাঞ্জলি রচনার শত বছর পূর্তি অনুষ্ঠান, নভেম্বরে শিলাইদহে রবীন্দ্র-উৎসব, জানুয়ারিতে নৃত্য-উৎসব ও রবীন্দ্রনাথের আঁকা চিত্রকর্মের প্রদর্শনী, মার্চে রবীন্দ্র-সাহিত্য থেকে তৈরি নাটক ও চলচ্চিত্রের উৎসব এবং মে মাসে রবীন্দ্রজয়ন্তীতে তিন দিনের উৎসব।রবীন্দ্রনাথকে ঘিরে বছরব্যাপী এই আয়োজনের শুরুটা হচ্ছে শিশুদের নানা পরিবেশনার মধ্য দিয়ে। ১৬ জানুয়ারি সকালের রবীন্দ্র-উৎসবের প্রথম অধিবেশনের পুরোটাই সাজানো হয়েছে শিশুদের পরিবেশনায় গান, নাচ, আবৃত্তি, পাঠ ও নাটক তোতাকাহিনি দিয়ে। বিকেলের অধিবেশনে ‘রবীন্দ্রনাথ ও তাঁর স্বদেশ ভাবনা’ নিয়ে বিশেষ বক্তব্য দেবেন ছায়ানটের অধ্যক্ষ সন্জীদা খাতুন। সন্ধ্যায় থাকবে রবীন্দ্রনাথের গীতবিতান-এর পূজা ও বিচিত্র পর্যায়ের গান এবং শেষে থাকবে বছরব্যাপী আয়োজনের মূল ভাবনার ওপর ভিত্তি করে গীতি-আলেখ্য। পরদিন উৎসব শুরু হবে বিকেলে। শুরুতেই ‘রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ের গান’ বিষয়ে বিশেষ বক্তব্য দেবেন রেজওয়ানা চৌধুরী বন্যা। এরপর থাকবে গীতবিতান-এর প্রেম ও প্রকৃতি পর্যায় থেকে বর্ষার গান। উৎসবে অংশ নেবেন ছায়ানট-সংশ্লিষ্ট ও আমন্ত্রিত শিল্পীরা।