রবীন্দ্রনাথকে নিয়ে তথ্যচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের অবস্থান নিয়ে তৈরি হচ্ছে তথ্যচিত্র। নাম বাংলাদেশে রবীন্দ্রনাথ: পথ চাওয়াতেই আনন্দ। এটি তৈরি করছেন চঞ্চল খান। তথ্যচিত্রটির পরিকল্পনা, সংগীত আয়োজন ও পরিচালনাও তাঁরই। চঞ্চল বললেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশতবর্ষ (১৫০তম) উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ ও ভারতে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা কিছু হচ্ছে। তারই অংশ হিসেবে আমি এই তথ্যচিত্র তৈরি করছি।’চঞ্চল জানান, ১৮৭০ থেকে ১৯৩৭ সাল—এ সময়ের মধ্যে রবীন্দ্রনাথ বিভিন্ন সময় বাংলাদেশে এসেছেন। এখানে থেকেছেন। সাহিত্য ও গান রচনার ব্যাপারে বাংলাদেশ তাঁর ওপর যথেষ্ট প্রভাব ফেলেছিল। এসব নিয়ে অসংখ্য গবেষণা হয়েছে। এরই উল্লেখযোগ্য কিছু গবেষণা থেকে তৈরি হয়েছে তথ্যচিত্রটির পাণ্ডুলিপি।বাংলাদেশে রবীন্দ্রনাথ: পথ চাওয়াতেই আনন্দ তথ্যচিত্রটির কাজ হয়েছে শাহজাদপুর, শিলাইদহ, পতিসর, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট ও বরিশালে। চঞ্চল খান জানান, বাংলাদেশে রবীন্দ্রনাথ যে সাহিত্য ও গান রচনা করেছেন, সেগুলো থেকে নানা কিছু থাকছে তথ্যচিত্রে। আছে বিভিন্ন শিল্পীর কণ্ঠে গান। যাঁরা কাছ থেকে রবীন্দ্রনাথকে দেখেছেন, থাকছে তাঁদের সাক্ষাৎকারও। তিনি আরও বলেন, ‘বিভিন্ন সময় বিচ্ছিন্নভাবে বাংলাদেশে রবীন্দ্রনাথের অবস্থান নিয়ে টিভি চ্যানেলগুলো অনুষ্ঠান প্রচার করেছে। কিন্তু আমি এই তথ্যচিত্রে পুরো ব্যাপারটি তুলে ধরার চেষ্টা করছি, যাতে করে যে কেউ এটি দেখে একটা সম্যক ধারণা পেতে পারেন।’চঞ্চল জানান, তথ্যচিত্রটির অল্প কিছু কাজ বাকি আছে। এ বছর অক্টোবর মাসের মধ্যেই তা শেষ হয়ে যাবে। এরপর বাংলাদেশ ও ভারতের কলকাতায় তথ্যচিত্রটির প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। এর চিত্রধারণের কাজটি করছেন জানেসার ওসমান।