রবীন্দ্রনাথকে নিয়ে বিশেষ আয়োজন
রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে মাসিক সাহিত্য, শিল্প ও সংস্কৃতিবিষয়ক পত্রিকাকালি ও কলম প্রকাশ করেছে বর্ধিত কলেবরে বিশেষ সংখ্যা। এ সংখ্যায় রয়েছে রবীন্দ্রবিষয়ক নানা আঙ্গিকের রচনা। এ ছাড়া একই সঙ্গে বেঙ্গল গ্যালারি প্রকাশ করেছে দুই বাংলার প্রথিতযশা শিল্পীদের আঁকা রবীন্দ্র প্রতিকৃতি নিয়ে একটি ফোলিও। এই বিশেষ সংখ্যা ও ফোলিওর মোড়ক উন্মোচন অনুষ্ঠান ছিল গতকাল বৃহস্পতিবার বেঙ্গল ক্যাফেতে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম ও অধ্যাপক আনিসুজ্জামান ফোলিও এবং বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করেন। স্বাগত বক্তব্য দেন কালি ও কমল-এর সম্পাদক আবুল হাসনাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন লুভা নাহিদ চৌধুরী। রবীন্দ্রনাথের প্রতিকৃতি এঁকেছেন বরেণ্য শিল্পী আমিনুল ইসলাম, গণেশ হালুই, যোগেন চৌধুরী, লালুপ্রসাদ সাউ, কাইয়ুম চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী, শহীদ কবির, শাহাবুদ্দিন প্রমুখ। আর কালি ও কলম-এর বিশেষ সংখ্যাটিতে আছে জিল্লুর রহমান সিদ্দিকী, আনিসুজ্জামান, হাসান আজিজুল হক, আহমদ রফিক, সিরাজুল ইসলাম চৌধুরী, হাসনাত আবদুল হাই, আবুল মোমেন, হায়াৎ মামুদের রবীন্দ্রনাথবিষয়ক লেখা রয়েছে। অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন ইফ্ফাত আরা দেওয়ান ও লাইসা আহমেদ। তাঁদের পরিবেশনায় ছিল, ‘তুমি কেমন করে গান করো’, ‘চিরবন্ধু চিরনির্ভর’, ‘গানের ভিতর দিয়ে’, ‘লিখন তোমার ধুলায় হয়েছে’, ‘আমার ভাঙা পথের’, ‘ভরা থাক্ স্মৃতিসুধায়’, ‘ধায় যেন মোর সকল ভালোবাসা’, ‘জীবনে আমার যত আনন্দ’ গানগুলো।ছোট পত্রিকার মেলা শুরুশাহবাগের গণগ্রন্থাগার চত্বর থেকে বিকেল বেলায় বের হয়েছিল শোভাযাত্রাটি। একদল তরুণ-তরুণী অংশ নিয়েছেন। দেশের বিভিন্ন স্থান থেকে যেসব ‘ছোট পত্রিকা’ প্রকাশিত হয়, তাঁরা এর পাঠক, লেখক ও সম্পাদক। তাঁদের মাথায় কাগজের মুকুট। তাতে লেখা ‘প্রচল ভাঙ্গার প্রত্যয়ে আমরা’। এই স্লোগান নিয়ে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ‘চতুর্থ জাতীয় ছোট পত্রিকা ২০১০’। শোভাযাত্রাটি মেলার উদ্বোধনী অনুষ্ঠানের অংশ। কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে এ মেলার উদ্বোধন করেন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী। সভাপতিত্ব করেন মেলা উদ্যাপন পর্ষদের আহ্বায়ক সরকার আশরাফ। স্বাগত বক্তব্য দেন পর্ষদের সদস্য-সচিব অনিকেত শামীম। উদ্বোধনী বক্তব্যে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘লিটলম্যাগের’ শাব্দিক অর্থ ছোটকাগজ হলেও এটি বড় কাজ করে। যে ব্যবস্থা সুস্থ সমাজের কণ্ঠরোধ করে বা করতে চায়, লিটলম্যাগ সেই ব্যবস্থার বিরুদ্ধে কথা বলে। লিটলম্যাগে এসব কথা বলেন সৃষ্টিশীল তরুণেরা। লিটলম্যাগের নান্দনিক দিকটা যেমনই হোক, এর অন্তর্নিহিত বক্তব্যের কারণে এটি খুবই গুরুত্বপূর্ণ।’ দ্বিতীয় পর্বে মুক্ত আলোচনার বিষয় ছিল ‘প্রেক্ষিত বাংলাদেশ’। এজাজ ইউসুফীর সভাপতিত্বে এতে আলোচনা করেন রণজিৎ কুমার, শেখ ফিরোজ আহমদ প্রমুখ। সবশেষে ছিল আবৃত্তি অনুষ্ঠান। সবশেষে ছিল আবৃত্তি অনুষ্ঠান। মেলা চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। এবারের মেলায় সারা দেশ থেকে প্রায় ৫০টি ছোট পত্রিকা অংশগ্রহণ করছে। রমনার বটমূলে দুই দিনের পৌষমেলা ‘ধরিত্রী বিনাশী অসুর রুধিতে, জেগে ওঠো পৌষের শিশির বিন্দু’ স্লোগান নিয়ে আজ শুক্রবার শুরু হচ্ছে দুই দিনের পৌষমেলা। এবার মেলার এক যুগ পূর্তি হচ্ছে। রমনার বটমূলে সকাল সাতটায় মেলার উদ্বোধন করবেন রামেন্দু মজুমদার। দুই দিনের অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে—দলীয় সংগীত, একক ও দলীয় আবৃত্তি, নৃত্য, মহুয়াগান, পুঁথিপাঠ, বাউলগান। পিঠাপুলি, মুড়িমুড়কি, খেজুর রস, নলেন গুড়, শিরনি-পায়েস ইত্যাদির স্টল। কুমিল্লায় রবীন্দ্র উৎসবনিজস্ব প্রতিবেদক, কুমিল্লা জানান, কুমিল্লায় রবীন্দ্র উৎসবের তৃতীয় দিনে গতকাল বৃহস্পতিবার ছিল সংগীত প্রতিযোগিতা ‘সর্বজনীন রবীন্দ্রনাথ’ শীর্ষক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। টাউন হলে আয়োজিত উৎসবে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। মূল প্রবন্ধ পড়েন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক। আলোচনা করেন, সাংসদ আ ক ম বাহাউদ্দিন, কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম আছাদুজ্জামান প্রমুখ। সভাপতিত্ব করেন মো. আবদুর রউফ। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবর্ষ উপলক্ষে কুমিল্লা রবীন্দ্র উদ্যাপন পর্ষদ এ উৎসবের আয়োজন করে। আলোচনার পর ভারতের ত্রিপুরার সাংস্কৃতিক দল, উদীচী শিল্পীগোষ্ঠী কুমিল্লা সংগীত পরিবেশন করে। নৃত্য পরিবেশন করে কুমিল্লার সুবল স্মৃতি সংগীতাঙ্গনের শিল্পীরা। শেষে সংগীত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।