রবীন্দ্রনাথেই দিশা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, রবীন্দ্রনাথ বাঙালি, ভারতীয় ইত্যাদি পরস্পর-সম্পৃক্ত নানা বৃত্তের মধ্যে বাস করেও ছিলেন একজন বিশ্বনাগরিক। বাঙালিত্বের পরিচয়কে তিনি তাঁর জীবনচর্চায় মুখ্য করে তুলেছেন, কিন্তু একই সঙ্গে সাংঘর্ষিক ও বিভাজনমূলক জাতীয়তাবাদ সম্পর্কে সাবধানবাণী উচ্চারণ করেছেন। তিনি বলেন, ‘রবীন্দ্রনাথের মতো একই সঙ্গে বাঙালিত্ব ও আন্তর্জাতিকতার সদর্থকবোধ লালন করার মধ্য দিয়েই আমরা সম্মুখযাত্রার দিশা পেতে পারি।’
আজ রোববার বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে দুই দিনব্যাপী রবীন্দ্রপ্রয়াণ দিবসের অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক আনিসুজ্জামান।
বাংলা একাডেমি এ বছর গবেষক অধ্যাপক আকরম হোসেন ও রবীন্দ্রসংগীতশিল্পী তপন মাহমুদকে ‘রবীন্দ্র পুরস্কার’ দেয়। শেষ দিনে তাঁদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। রবীন্দ্রপ্রয়াণ দিবস উপলক্ষে দুই দিনব্যাপী আয়োজনের শেষ দিনে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলো।
স্বাগত ভাষণে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, রবীন্দ্রনাথ, নজরুল ও বঙ্গবন্ধু আমাদের জাতীয়তাবোধ নির্মাণ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের পুরোধা। ষাটের দশকে পাকিস্তানি দুঃশাসনের বিরুদ্ধে রবীন্দ্রনাথ যেমন হয়ে উঠেছিলেন আমাদের সাংস্কৃতিক সত্তার অপরিহার্য অংশ, ঠিক তেমনি আজ জঙ্গি-সন্ত্রাস মোকাবিলায় রবীন্দ্রচেতনায় সম্ভব হতে পারে বাঙালিত্বের নব উদ্বোধন।

‘বর্তমান বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাসঙ্গিকতা’ শীর্ষক একক বক্তৃতায় শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, রবীন্দ্রনাথ সারা জীবন সত্য ও সুন্দরের সাধনা করে গেছেন। গেয়েছেন মানবমঙ্গলের গান। মানুষের সংকটে, সংকল্পে রবীন্দ্রনাথের বাণী যেন অমৃতধারার মতো বয়ে চলে অনুভবের নদীতে। তিনি বলেন, ব্যক্তিমানুষের অন্তর্গত বিষাদ-মোচনে রবীন্দ্রনাথ যেমন তাঁর জীবন ও সৃষ্টি নিয়ে প্রেরণার কাজ করেন, তেমনি সমাজ, দেশ ও বৈশ্বিক সংকটেও তিনি দিয়ে চলেন মুক্তির নির্দেশনা।
সৈয়দ আকরম হোসেন পুরস্কার পাওয়ার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠান বাংলা একাডেমির কাছ থেকে রবীন্দ্র পুরস্কার প্রাপ্তি আনন্দদায়ক ব্যাপার। সভ্যতার যান্ত্রিক বিকাশের পাশাপাশি যদি আমরা রবীন্দ্রনাথের চেতনায় হৃদয়বৃত্তির অনুশীলন করতে সক্ষম হই, তবে বর্তমান সংকটময় দেশীয় ও বিশ্ব-পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন ঘটতে পারে।’
অনুভূতি প্রকাশ করে তপন মাহমুদ বলেন, সারা দেশে যে সাংস্কৃতিক শূন্যতা বিরাজ করছে, তা নিরসন করতে দেশের তরুণ প্রজন্মকে রবীন্দ্র রচনার সান্নিধ্যে আনতে হবে। একই সঙ্গে তৃণমূলে সাংস্কৃতিক বিস্তার জরুরি বিষয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্র-কবিতার আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম। গান করেন শিল্পী ফাহিম হোসেন চৌধুরী ও অদিতি মহসিন।