রবীন্দ্রনাথের আঁকা শত ছবির প্রদর্শনী
কাল শুক্রবার কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে শুরু হবে তিন দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের বার্ষিক অধিবেশন। এ বছরই রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী। এ উপলক্ষে এবারের সম্মেলনের সব কর্মকাণ্ড আবর্তিত হবে বিশ্বকবিকে কেন্দ্র করে। অন্যতম আকর্ষণ কবিগুরুর আঁকা একশ’ ছবির প্রতিলিপির প্রদর্শনী। রবীন্দ্র চিত্রকলার সঙ্গে সাধারণের পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। শুক্রবার গণগ্রন্থাগার চত্বরে প্রদর্শনীর উদ্বোধন করবেন শিল্পী কাইয়ুম চৌধুরী।এবারের সম্মেলনে সব কর্মকাণ্ডে সহযোগিতা দেবে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি। গতকাল ছায়ানট সংস্কৃতি-ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এবারের সম্মেলন উদ্বোধন করবেন প্রবীণ রবীন্দ্রসংগীতশিল্পী বিলকিস নাসিরউদ্দিন। তিন দিনব্যাপী অনুষ্ঠানমালায় থাকবে রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার ও গুণীজন সম্মাননা।দ্য গ্যালারিতে ফুদেজুকার ছাপচিত্র প্রদর্শনীশিল্পী ফুদেজুকা তোশিহিসার জন্ম জাপানের কাগাওয়া প্রদেশে। জন্মসাল ১৯৫৭। দেশে ছাপচিত্র নিয়ে পড়ার পর কানাডা, পোল্যান্ডসহ বিভিন্ন দেশের বৃত্তি নিয়ে এ বিষয়ে গবেষণা করেন। তাঁর ৪৬টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে গুলশানের দ্য গ্যালারিতে। তোশিহিসা বিমূর্ত ও আধা বিমূর্ত এসব চিত্র এঁকেছেন এচিং, এনগ্রেভিং, উডকাট ও স্ক্রিনপ্রিন্ট মাধ্যমে। ‘রিসেন্ট ওয়ার্কস অব ফুদেজুকা তোশিহিসা’ শিরোনামের এ প্রদর্শনীর একেবারেই অনাড়ম্বর উদ্বোধন হয় গতকাল বিকেলে। এ সম্পর্কে গ্যালারির স্বত্বাধিকারী আক্কু চৌধুরী বলেন, ‘বরাবরই আমরা শুধু উদ্বোধনী তারিখ ও সময় ঠিক করে শিল্পানুরাগীদের জানিয়ে দিই। তাঁরা আসেন, শিল্পকর্ম দেখেন। শিল্পীর সঙ্গে কথা বলেন, নিজেদের মধ্যে মতবিনিময় করেন। এভাবেই শুরু হয় আমাদের প্রতিটি প্রদর্শনী। আমরা মনে করি, শিল্পানুরাগীরা আনুষ্ঠানিকতা পছন্দ করেন না। তাঁরা বক্তৃতা শুনতে চান না।’শিল্পী ফুদেজুকা তোশিহিসা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, কোরিয়াসহ বিভিন্ন দেশে শতাধিক একক চিত্র প্রদর্শনী করেছেন। এ ছাড়া অনেক দলবদ্ধ প্রদর্শনীতে অংশ নেন। জাপান সরকারের প্রাইজ অব এক্সিলেন্স, পোল্যান্ডের মেডেল অব অনারসহ বেশ কিছু পুরস্কারে ভূষিত হয়েছেন এ শিল্পী। এ প্রদর্শনী চলবে ৮ মার্চ পর্যন্ত। গ্যালারি খোলা থাকবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত।কারুশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়নুল গ্যালারির দুটি কক্ষে প্রদর্শিত হচ্ছে কাঠ, অ্যাপ্লিক, ডিজাইন, পেন ও পেনসিল স্কেচ, সেরিগ্রাফ, পাতিনা (ধাতুর কাজ), ট্যাপেস্ট্রি, জলরং, বাটিক ও মিশ্র মাধ্যমের বেশ কিছু শিল্পকর্ম। বিষয় হিসেবে উঠে এসেছে নারী-পুরুষের মুখ ও মুখোশ, নিসর্গ, দুর্যোগ সিডর, স্টিল লাইফ ও পশুপাখি প্রভৃতি। চারুকলা অনুষদের কারুশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী এটি। গত সোমবার পাঁচ দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন চারুকলা অনুষদের ডিন এ হ মো. মতলুব আলী ও কারুশিল্প বিভাগের চেয়ারম্যান আবদুস শাকুর শাহ্।আয়োজকেরা জানান, প্রদর্শনীতে ১০১টি শিল্পকর্ম স্থান পেয়েছে। এতে কারুশিল্প বিভাগের প্রথম বর্ষ থেকে স্নাতকোত্তর পর্যন্ত প্রায় ৪০ জন শিক্ষার্থীর একাধিক শিল্পকর্ম রয়েছে। প্রদর্শনী খোলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। আগামীকাল এর শেষ দিন।নাজমুলের স্বাধীনতার অভিব্যক্তিঐতিহ্যবাহী পরিত্যক্ত স্থাপনার কার্নিশে জোড়া পাখি। নদীর বুকে পাল তোলা নৌকা। দোতরা বাজিয়ে পথ চলছে বাউল। দূর পাহাড়ের বাঁকে একলা পথিক। হাতে পাটের থলে, পিঠে বেতের টুকরি নিয়ে পাহাড়ি পথ পাড়ি দিচ্ছে আদিবাসী নারী। নারী ও নিসর্গ ছাড়াও আছে নজরুল ও রবীন্দ্রনাথের প্রতিকৃতি।জলরং, তেলরং, অ্যাক্রিলিক ও মিশ্র মাধ্যমে আঁকা শিল্পী নাজমুল হকের এমনই ৪৮টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে। ‘এক্সপ্রেশন অব ফ্রিডম’ শিরোনামের এ প্রদর্শনীর আজ শেষ দিন। গ্যালারি খোলা থাকবে সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত।অধুনার ২০ বছর পূর্তিকুমিল্লার নিজস্ব প্রতিবেদক জানান, কুমিল্লার নাট্য সংগঠন অধুনার ২০ বছর পূর্তি উপলক্ষে গতকাল বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে জ্ঞান বৃক্ষের ফল নাটক মঞ্চায়ন করেছে চট্টগ্রামের নাট্য সংগঠন নান্দিকার। লিও তলস্তয় রচিত ওই নাটকের নির্দেশনা দেন আহমেদ ইকবাল হায়দার। নাট্য উৎসবের দ্বিতীয় দিন ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান। ১০ দিনব্যাপী আয়োজিত ওই নাট্য উৎসব আগামী ৩ মার্চে শেষ হবে।