রবীন্দ্রনাথের গল্প নিয়ে তৈরি হলো শিশুতোষ ছবি

রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য শিশুতোষ ছবি ‘রাজপুত্তুর’ ও ‘মাধো’। আজ রোববার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে হয়ে গেল ছবি দুটির প্রদর্শনী। স্বল্পদৈর্ঘ্য এ শিশুতোষ চলচ্চিত্র দুটি পরিচালনা করেছেন যথাক্রমে টোকন ঠাকুর ও সুমনা সিদ্দিকী।
বিশ্বকবির ১৫৫তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে স্বল্পদৈর্ঘ্য ছবি দুটির আনুষ্ঠানিক উদ্বোধনী প্রদর্শনী হয়ে গেল। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি সংস্কৃতিসচিব আকতারী মমতাজ, রবীন্দ্রগবেষক আহমদ রফিক ও চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ। দুই পরিচালক টোকন ঠাকুর ও সুমনা সিদ্দিকীও শুভেচ্ছা বক্তব্য দেন।
আলোচনা পর্ব শেষে সন্ধ্যা সাতটা থেকে ‘রাজপুত্তুর’ ও রাত আটটার পর দেখানো হয় ‘মাধো’ ছবিটি। সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে ছবি দুটি প্রযোজনা করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।