রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথের মতো থাকাই বাঞ্ছনীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিছুদিন আগে বাংলাদেশে এসেছিলেন কলকাতার জনপ্রিয় রবীন্দ্রসংগীত শিল্পী জয়তী চক্রবর্তী। উত্তরার একটি ক্লাবে আমন্ত্রিত অতিথিদের শুনিয়েছেন গান। মঞ্চে ওঠার আগে কথা বলছিলেন প্রথম আলোর সঙ্গে। কথা বলেছেন দুই বাংলার গান নিয়ে।
জয়তী চক্রবর্তী
জয়তী চক্রবর্তী

বাংলাদেশে তো এর আগেও আসা হয়েছে?
এই নিয়ে ১৪ বার এলাম। প্রথম এসেছিলাম প্রায় ৬-৭ বছর আগে অফিসার্স ক্লাবের একটা অনুষ্ঠানে।
বাংলাদেশে গান গাইতে কেমন লাগে?
কলকাতায় থাকি বটে। কিন্তু বাংলাদেশে এলে মনে হয় আমি বাবার বাড়িতে এসেছি। আর বাংলাদেশে গানের অনেক ভালো শ্রোতা আছেন, যেটা অন্য কোথাও নেই। এমনকি কলকাতাতেও না। মজার ব্যাপার হলো, এখানকার মানুষ আমার গানের খোঁজ বেশি রাখেন। এখানে অনেকের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ, আলাপ ও কথা বলা হয়। সুতরাং ভালো লাগাটা এভাবে ব্যক্ত করা সম্ভব না।
কলকাতায় এখন গানের চর্চা কেমন? সেটা কি আপনার ছেলেবেলার মতোই আছে?
আমাদের সময়ের মতো হচ্ছে না। কারণ কলকাতায় গানের অনুষ্ঠানের সংখ্যা কমে গেছে। সেখানে ভালো শ্রোতা পাওয়া কঠিন। আমরা মঞ্চে গাইতে গেলে খুব চিন্তায় পড়ে যাই। কারণ সব ধরনের শ্রোতারা মিলেমিশে গেছেন। একেক ধরনের শ্রোতা একেক রকম গান পছন্দ করছেন।
এ ক্ষেত্রে বাংলাদেশের মঞ্চে গান গাওয়ার অভিজ্ঞতা কেমন?
বাংলাদেশে এ ধরনের সমস্যা হয় না। যেমন আজ (২৯ সেপ্টেম্বর) আমি রবীন্দ্রনাথ, নজরুল, লোকগানসহ নিজের কিছু গান করব। বাংলাদেশে গান গাওয়ার যে অভিজ্ঞতা তাতে মনে হয় না মানুষ ধৈর্য হারাবে। এ দেশে এখনো তিন থেকে চার ঘণ্টা গান শোনার মতো সমঝদার শ্রোতা আছেন। এ ব্যাপারটি দারুণ উপভোগ করি।
বাংলাদেশের কার গান বেশি শোনা হয়?
বহু শিল্পীর গান শুনি। আলাদা করে কার কথা বলব? তবে আমি যখন খুব ছোট, তখন শুনেছিলাম বন্যাদির (রেজওয়ানা চৌধুরী বন্যা) গান। এ ছাড়া মিতাদির (মিতা হক) গান শুনেছি। আর অর্ণব তো আমাদের দেশে অনেক জনপ্রিয়। এ ছাড়া কদিন আগে স্বপ্নিল সজীবের সঙ্গে আমি তো একটা গানই করলাম।
আপনি রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে বেশি পরিচিত। জানতে চাই, একজন তরুণ শিল্পী রবীন্দ্রসংগীতচর্চা করতে চাইলে কী করতে হবে?

প্রথমত, রবীন্দ্রনাথকে পড়তে হবে ভালোমতো। না হলে গানের প্রতি ভালোবাসা জন্ম নেবে না। আর রবীন্দ্রনাথকে ভালোমতো জানতে হবে। সব সময় যে বই পড়ে জানতে হবে এমন নয়, তাঁর জীবন সম্পর্কে জানতে হবে। আর গান পড়া, বিশেষ করে গীতবিতান পড়া খুব জরুরি।

এখন তো নানাভাবে রবীন্দ্রসংগীত গাওয়া হচ্ছে। সঙ্গে যোগ করা হচ্ছে বিভিন্ন বাদ্যযন্ত্র। এতে কি রবীন্দ্রনাথের সুর-তাল-লয়ের কোনো ক্ষতি হচ্ছে বলে আপনার মনে হয় কিংবা তা কি ঠিক হচ্ছে?

প্রথমেই বলি, এটা ঠিক-বেঠিকের প্রশ্ন নয়, এটা রুচির প্রশ্ন। রবীন্দ্রনাথকে ভেঙেচুরে কেউ যদি কিছু করতে চান, সেটা তাঁর ব্যক্তিগত অভিরুচি। সেটি নিয়ে আমি কিছু বলতে চাই না। আমরা যেমন কাউকে সাজাতে গেলে বিভিন্ন অংলকারে সাজাই। আজকে যেমন আমি নিজেকে বিভিন্ন অলংকারে সাজিয়েছি। মূল কাঠামো কিন্তু আমিই আছি। আমি যদি হঠাৎ মনে করি মাটির গয়না পরব বা সোনার গয়না পরব, আমি সেটাও পরতে পারি। তাতে কি আমার মূল জায়গাটা পরিবর্তন হয়ে যায়? তাই বলব, রবীন্দ্রনাথের গান কিন্তু রবীন্দ্রনাথের মতো থাকাই বাঞ্ছনীয়। আমরা যন্ত্রপাতি দিয়ে একটু সাজাতে-গোছাতে পারি মাত্র। এর বেশি কিছু করার ক্ষমতা আমাদের নেই। আর সুর-তাল-লয় পরিবর্তন করে দিলে মানুষ সেটিকে গ্রহণ করে না। আজ অবধি কেউ করেনি।

সাক্ষাৎ​কার: আনন্দ প্রতিবেদক