রবীন্দ্রনাথের চলচ্চিত্র ‘নটীর পূজা’ ডিভিডিতে
রবীন্দ্রনাথ ঠাকুর একটি চলচ্চিত্র পরিচালনা করেছিলেন। ছবির নাম নটীর পূজা। শান্তিনিকেতনের শিল্পীদের পাশাপাশি ছবিতে রবীন্দ্রনাথ নিজেও একটি চরিত্রে অভিনয় করেছিলেন। ক্যামেরায় ছিলেন নীতিন বসু। অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল, অযত্ন আর অবহেলায় ছবিটির মূল প্রিন্ট নষ্ট হয়ে গেছে। অত্যাধুনিক কারিগরি প্রযুক্তি ব্যবহার করে নষ্ট হয়ে যাওয়া মূল প্রিন্ট থেকে নটীর পূজার অনেকটা অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে। ২০ মিনিটের এই ছবিটি এবার দেখতে পাবেন দর্শকেরা। জানা গেছে, রবীন্দ্রনাথের সাহিত্য থেকে তৈরি বাংলা ও হিন্দি ভাষার ছয়টি ছবি নিয়ে ডিভিডি তৈরি করেছে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে তৈরি হলো ‘টেগোরস স্টোরিজ অন ফিল্ম’ নামের সংকলনটি। শ্যাম বেনেগালের তত্ত্বাবধানে তা প্রকাশ করেছে এনএফডিসি। গত রোববার এক অনুষ্ঠানে সংকলনটির মোড়ক উন্মোচন করেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।রবীন্দ্রনাথ তাঁর ‘পূজারিনী’ কবিতা অবলম্বনে তৈরি করেছিলেন নটীর পূজা ছবিটি। প্রযোজনা করেছিল নিউ থিয়েটার্স।ডিভিডিটিতে আরও আছে সত্যজিৎ রায় পরিচালিত তথ্যচিত্র রবীন্দ্রনাথ ঠাকুর, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ঘরে বাইরে, পোস্ট মাস্টার, মণিহারা ও সমাপ্তি নিয়ে তিন কন্যা, তপন সিনহার ক্ষুধিত পাষাণ, হেমেন গুপ্তের কাবুলিওয়ালা এবং কুমার সাহানির চার অধ্যায়।