রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কারপ্রাপ্তির শতবর্ষপূর্তি এবং ১৫২তম জন্মজয়ন্তী উপলক্ষে রবীন্দ্রনাথের আঁকা চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ। গতকাল সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে (টিএসসি) প্রদর্শনীর উদ্বোধন করা হয়। টিএসসির ক্রীড়াকক্ষে এক দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন অতিথিরা। রবীন্দ্রনাথের আঁকা ৫০টি চিত্রকর্ম দিয়ে সাজানো হয় প্রদর্শনী। বাংলাদেশ ও ভারতের যৌথভাবে রবীন্দ্র সার্ধশত জন্মবার্ষিকী উদ্্যাপনের অংশ হিসেবে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। চিত্রকর্মগুলো আনা হয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। বাংলাদেশে রবীন্দ্রচর্চা শীর্ষক প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক ইমেরিটাস আনিসুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। আনিসুজ্জামান তাঁর প্রবন্ধে বাংলাদেশের রবীন্দ্রচর্চার নানা দিক তুলে ধরেন।
আলোচনা শেষে রবীন্দ্রনাথের গান গেয়ে শোনান সংগীত বিভাগের শিক্ষার্থীরা। এ পর্যায়ে আরও গান করেন সংগীত বিভাগের চেয়ারম্যান শাহনাজ নাসরিন ইলা, দুই শিক্ষক রেজওয়ানা চৌধুরী ও আজিজুর রহমান তুহিন এবং তপন মাহমুদ।
শওকত ওসমান স্মরণসভা আজ
কথাসাহিত্যিক শওকত ওসমানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বিকেল পাঁচটায় স্মরণসভার আয়োজন করেছে কথাশিল্পী শওকত ওসমান স্মৃতি পরিষদ।