রবীন্দ্রনাথের নাটক করছে থিয়েটার
২৬ বছর পর থিয়েটার মঞ্চে আনছে রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তধারা নাটকটি। উত্তরকুট ও শিবতরায় অঞ্চলের মধ্যে সম্পর্কের টানাপোড়েন রয়েছে। উত্তরকুট অঞ্চলের লোকজন কুটিল স্বভাবের। তারা শিবতরায় অঞ্চলের সহজ-সরল মানুষজনকে দমিয়ে রাখার চেষ্টা করে। একসময় এই দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে একটি বাঁধকে। উত্তরকুট বাঁধ নির্মাণ করে শিবতরায় অঞ্চলের লোকজনকে পানিসহ আরও নানা ধরনের সংকটে ফেলে। অবশেষে উত্তরকুটের রাজার ছেলে উদ্ভূত সমস্যার সমাধানে এগিয়ে আসে। নাটকটির নির্দেশনা দিচ্ছেন নায়লা আজাদ। তিনি বলেন, ‘থিয়েটার আমাকে এ ধরনের একটি কাজ করার সুযোগ দিয়েছে, তাই সম্মানিত বোধ করছি। এ মুহূর্তে নাটক নিয়ে কিছু বলতে চাচ্ছি না, দেখার পর দর্শকই নাটকটির শিল্পমান নির্ধারণ করবেন।’থিয়েটারের প্রধান রামেন্দু মজুমদার বলেন, ‘রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে আমরা নাটকটি মঞ্চে আনতে যাচ্ছি। নাটকটির গল্প এখন খুবই প্রাসঙ্গিক। প্রকৃতির বিরুদ্ধে যাওয়ার ক্ষতিকর দিকটি এখানে দেখানো হয়েছে। আমরা দর্শকদের সামনে প্রকৃতিপ্রেমী রবীন্দ্রনাথকে নতুন করে তুলে ধরার চেষ্টা করেছি।’ গত বুধবার নাটকটির কারিগরি প্রদর্শনী অনুষ্ঠিত হলো। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে আগামী ৫ মে সন্ধ্যায় হবে উদ্বোধনী প্রদর্শনী।থিয়েটার প্রথম রবীন্দ্রনাথের নাটক দুই বোন মঞ্চে আনে ১৯৭৮ সালে। সাত বছর পর আনে নাটক ঘরে বাইরে। এবার দীর্ঘ ২৬ বছর পর থিয়েটার মঞ্চে আনছে মুক্তধারা নাটকটি।