রবীন্দ্রনাথের নাটকের জন্য ১০টি দলকে অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে মঞ্চে আনা হচ্ছে নতুন নাটক। জানা গেছে, রবীন্দ্রনাথের নাটকের ব্যাপারে মঞ্চের দলগুলোকে উৎসাহিত করতে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উদ্যাপন পরিষদের নাটকসংক্রান্ত কমিটি দলগুলোর কাছ থেকে নাটক আহ্বান করেছে। কমিটির আহ্বায়ক রামেন্দু মজুমদার বলেন, ‘রবীন্দ্রনাট্য প্রযোজনায় আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। আমরা খুব বেশি প্রাধান্য দেব রবীন্দ্রনাথের নাটককে মঞ্চে আনার দিকটি। কোনো দল যদি রবীন্দ্রনাথের গল্প কিংবা উপন্যাস থেকে নাটক করতে চায়, তাতেও আমাদের আপত্তি নেই। তবে নাটকগুলো অবশ্যই ১৫ জুনের মধ্যে মঞ্চে আনার পূর্ণ প্রস্তুতি থাকতে হবে।’তিনি আরও বলেন, ‘প্রতিটি নাটকের জন্য সর্বোচ্চ দুই লাখ টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশের মোট ১০টি নাটকের দলকে এই অনুদান দেওয়া হবে। নাটকগুলো নিয়ে এ বছরই সারা দেশে উৎসবের আয়োজন করা হবে। রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে ভারতেও নাটকের উৎসব হবে। সেখানে এই নাটকগুলো পাঠানো হবে।’তিনি জানান, আগ্রহী নাটকের দলগুলোকে বিস্তারিত তথ্যসহ ২০ এপ্রিলের মধ্যে পরিচালক, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচা, ঢাকা ১০০০—এই ঠিকানায় আবেদন পৌঁছাতে হবে।