রবীন্দ্রনাথের নোবেল চুরি নিয়ে তৈরি হচ্ছে ‘নোবেল চোর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি নিয়ে এবার কলকাতায় তৈরি হচ্ছে ভিন্ন স্বাদের একটি চলচ্চিত্র। ছবির নাম নোবেল চোর। ২০০৪ সালের ২৫ মার্চ রবীন্দ্র স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন থেকে চুরি হয়েছিল এই নোবেল পদক। সঙ্গে আরও চুরি হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু দুষ্প্রাপ্য সামগ্রীও। এই চুরির রহস্য উদ্ঘাটনের জন্য নিয়োগ করা হয় ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে। দীর্ঘ ছয় বছরেও তারা নোবেল চুরির রহস্যের কিনারা করতে পারেনি। তবে পরে সুইডেন থেকে কবিগুরুর নোবেল পদকের একটি রেপ্লিকা সংগ্রহ করা হয়। নোবেল চোর ছবিটি পরিচালনা করছেন সুমন ঘোষ। এরই মধ্যে সৌমিত্র চট্টোপাধ্যায় ও মিঠুন চক্রবর্তী ছবির চিত্রনাট্য পড়েছেন। তাঁরা দুজনই ছবিতে অভিনয়ের জন্য আগ্রহ প্রকাশ করেছেন।ছবিটির ব্যাপারে সুমন ঘোষ বললেন, রবীন্দ্রনাথের আদর্শ ও সাধারণ মানুষের মনকে নোবেল চুরি কীভাবে আলোড়িত করেছে—সেটাই এই ছবির মূল ভাবনা। ছবিতে মিঠুন একজন কৃষকের চরিত্রে অভিনয় করবেন। চুরি যাওয়া নোবেল পদকটি নিয়ে তিনি বিক্রির জন্য শহরে আসবেন। আর সৌমিত্র অভিনয় করবেন একজন গ্রাম্য স্কুল মাস্টারের চরিত্রে।ছবির অন্য চরিত্রগুলোতে অভিনয় করবেন ইন্দ্রানী হালদার, রূপা গঙ্গোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায় ও সুদীপ্তা চক্রবর্তী। ছবির শুটিং হবে কলকাতা ও বোলপুরে।