
বাংলাদেশ-রাশিয়া মৈত্রী সমিতি ও রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের আয়োজন শনিবার সন্ধ্যায় উদ্যাপিত হলো রবীন্দ্রনাথের রুশ ভ্রমণের ৮৫ বছর। জনাকীর্ণ এ অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা, দ্বিতীয় অংশে রবীন্দ্রনাথের লেখা থেকে পাঠ, নাচ ও গান।
বাংলাদেশ-রাশিয়া মৈত্রী সমিতির সভাপতি সৈয়দ শামসুল হকের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। আলোচনা করেন রাশিয়ান বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের পরিচালক আলেক্সান্ডার দিওমিন, রাশিয়ান দূতাবাসের মিনিস্টার-কাউন্সেলর আনাতোলি দাভিদেনকো, সাহিত্যিক-শিক্ষাবিদ হায়াৎ মামুদ, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী ও সাংবাদিক জাহীদ রেজা নূর। অনুষ্ঠান সঞ্চালনা করেন জগদীশ এষ ও প্রশান্ত কুমার বর্মণ।
আসাদুজ্জামান নূর বলেন, ‘রবীন্দ্রনাথ অনেক দেশ ঘুরেছেন, অনেক ভ্রমণকাহিনি লিখেছেন। কিন্তু আমরা রাশিয়ার চিঠি বিষয়েই নিমগ্ন হই কেন? আমার মনে হয়, সে সময় একটি পরিবর্তন আসছিল পৃথিবীতে, রুশ বিপ্লবের পর মানুষের পরিচয় পাল্টে যাচ্ছিল পৃথিবীতে, সে কারণেই রবীন্দ্রনাথের এই বইটির প্রতি আমাদের অপরিসীম আগ্রহ।’
আনাতোলি দাভিদেনকো বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের রাশিয়া ভ্রমণ একটি অসাধারণ ঘটনা। পূর্বদেশের এই কবি-দার্শনিক তাঁর জ্ঞানচক্ষু দিয়ে সোভিয়েত ইউনিয়নের ভালো-মন্দ দেখেছেন। হায়াৎ মামুদ রাশিয়ার চিঠি থেকে একটি অংশ পড়ে শোনান এবং বলেন, সোভিয়েত ইউনিয়নের পতন হওয়ার জন্য দায়ী কোনো বিদেশি শক্তি নয়, দেশটির অভ্যন্তরীণ সংকটই সোভিয়েত ইউনিয়নের পতন ঘটিয়েছে।
জাহীদ রেজা নূর রুশ দেশে রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম অনুবাদের চিত্র তুলে ধরেন। ১৯২৬ সালে রবীন্দ্রনাথকে উদ্দেশ করে লেখা গেওর্গি শেনগেলির একটি কবিতার বঙ্গানুবাদ শোনান তিনি।
লিয়াকত আলী বলেন, ‘আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো হচ্ছে। এরই মধ্যে রাশিয়া থেকে একটি সাংস্কৃতিক দল বাংলাদেশ সফর করেছে। বাংলাদেশ থেকেও একটি দল রাশিয়ায় গিয়েছে।’ স্বাগত বক্তব্যে আলেক্সান্দার দিওমিন বলেন, বাংলাদেশের সঙ্গে রাশিয়ার মৈত্রী বন্ধন অটুট থাকবে।
সভাপতির ভাষণে সৈয়দ শামসুল হক বলেন, ‘অবাক হয়ে লক্ষ করেছি, রবীন্দ্রনাথের কবিতায় রাশিয়া ভ্রমণের কোনো প্রভাব নেই। কিন্তু অন্য অনেক কিছু, যা তিনি করেছেন, তাতে রাশিয়া ভ্রমণের ছাপ দেখতে পাই।’ সাংস্কৃতিক পর্বে রবীন্দ্রনাথের রাশিয়ার চিঠি থেকে পাঠ করে শোনান কণ্ঠশীলনের শামীমা নাজনীন ও জহিরুল হক খান। চণ্ডালিকা নৃত্যনাট্যের একটি অংশের নৃত্য পরিবেশন করেন এরা আহমেদ ও ক্যাথেরিন পিউরিফিকেশন। সাংস্কৃতিক সংগঠন ‘স্পন্দন’-এর শিল্পীরা ‘এসো শ্যামল সুন্দর’, ‘মন মোর মেঘের সঙ্গী’ ও ‘তোমার আনন্দ’ গানের সঙ্গে নাচ পরিবেশন করেন। শুভ্রা দেবনাথ পরিবেশন করেন দুটি রবীন্দ্রসংগীত।