রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষে তৈরি হচ্ছে সাতটি চলচ্চিত্র
রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, একটি কাহিনিচিত্র ও দুটি তথ্যচিত্র নির্মাণের জন্য অনুদান দেওয়া হবে। এরই মধ্যে ছবিগুলো নির্মাণের জন্য চার কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে তথ্য মন্ত্রণালয়ের কাছে। রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ উদ্যাপন আয়োজনে চলচ্চিত্র নির্মাণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক রাজ্জাক বলেন, ‘তথ্য মন্ত্রণালয়ে বাজেট দেওয়া হয়েছে। ছবিগুলো কোন পরিচালকেরা নির্মাণ করবেন, এখন তা নির্ধারণের কাজ চলছে। এরই মধ্যে আমরা ২০টি পাণ্ডুলিপি পেয়েছি। প্রতিটি পাণ্ডুলিপিই রবীন্দ্রনাথকে নিয়ে। এসব পাণ্ডুলিপি যাচাই-বাছাইয়ের কাজ চলছে।’রাজ্জাক আরও বলেন, ‘আশা করছি, আগামী এপ্রিল মাসের শেষ দিকে আমরা চূড়ান্তভাবে নির্মাতাদের নাম ঘোষণা করতে পারব। আর এরই মধ্যে মন্ত্রণালয় থেকে টাকা পাওয়া যাবে। ছবিগুলোর কাজ মে মাসের মধ্যে শুরু করতে হবে এবং চলতি বছরের মধ্যেই সেগুলোর প্রদর্শনীর ব্যবস্থা করা হবে।’জানা গেছে, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো তৈরি হবে ডিজিটাল কারিগরি প্রযুক্তিতে, আর কাহিনিচিত্রটি ৩৫ মিলিমিটার কারিগরি প্রযুক্তিতে।রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষ এবার সরকারিভাবে উদ্যাপন করার জন্য ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে সম্প্রতি আন্তমন্ত্রণালয় বৈঠকে একাধিক চলচ্চিত্র নির্মাণের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়।