রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষে তৈরি হবে তিনটি চলচ্চিত্র
রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে দুটি চলচ্চিত্র ও একটি তথ্যচিত্র নির্মাণের জন্য অনুদান দেওয়া হবে। জানা গেছে, আগামী পঁচিশে বৈশাখের আগে এই চলচ্চিত্রগুলোর কাজ শেষ করতে হবে এবং মুক্তিও দিতে হবে।এরই মধ্যে তথ্য মন্ত্রণালয় ও এফডিসি কর্তৃপক্ষ অভিনয়শিল্পী রাজ্জাককে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করেছে। ছবি তৈরিতে আগ্রহী নির্মাতারা রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর চিত্রনাট্য তৈরি করে তা জমা দিয়েছেন। দু-এক দিনের মধ্যেই চিত্রনাট্যগুলো যাচাই-বাছাই করে তিনটি ছবি চূড়ান্ত করা হবে।রাজ্জাক বললেন, ‘প্রত্যেক নির্মাতাকে ছবি নির্মাণের জন্য ২৫ লাখ করে টাকা দেওয়া হবে। তবে সময় যেহেতু কম, তাই এই ছবিগুলো ডিজিটাল ফরম্যাটে তৈরি করা যাবে।’জানা গেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষ এবার সরকারিভাবে পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে আন্তমন্ত্রণালয় বৈঠকে তিনটি চলচ্চিত্র নির্মাণের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।