রবীন্দ্রনাথের সুরে ভরা সন্ধ্যা
প্রতিটি শব্দের স্পষ্ট সুন্দর উচ্চারণ, সুরেলা কণ্ঠের সযতন পরিবেশনা সংগীতশিল্পী মহীউজ্জামান চৌধুরীকে আলাদা করে চিনিয়ে দেয়। শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে গতকাল রোববার তিনি যখন গাইছিলেন রবীন্দ্রনাথের গান, তখন তাঁর সঙ্গে শ্রোতারাও গলা মিলিয়ে একাত্ম হয়ে উঠেছিল সংগীতের রসাস্বাদনে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠানে মহীউজ্জামান চৌধুরীর রবীন্দ্রসংগীতের অ্যালবাম ‘আগুনের পরশমণি’র মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালচারাল ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন অধ্যাপক সৌমিত্র শেখর। অনুষ্ঠানের প্রথম পর্বে সিডির মোড়ক উন্মোচন ও আলোচনার পর দ্বিতীয় পর্বে ছিল শিল্পীর একক সংগীতসন্ধ্যা।‘তুমি সন্ধ্যার মেঘমালা’ দিয়ে সংগীত পরিবেশনার সূচনা করেন মহীউজ্জামান চৌধুরী। এরপর একে একে গেয়ে শোনান ‘যখন এসেছিলে’, ‘আজি মর্মর ধ্বনি কেন’, ‘একদা তুমি প্রিয়ে’, ‘আমার মন মানে না’, ‘শুধু তোমার বাণী’, ‘যদি এ আমার হূদয়দুয়ার’, ‘শ্রাবণের ধারার মতো’সহ অনেক গান। শ্রোতারা মুগ্ধ হয়ে শোনেন তাঁর গান।১১টি গান দিয়ে সাজানো হয়েছে লেজার ভিশন থেকে প্রকাশিত ‘আগুনের পরশমণি’ অ্যালবামটি। এতে রয়েছে: ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ ‘গ্রামছাড়া ওই’, ‘আকাশে আজ’, ‘সঙ্কোচের বিহ্বলতা’, ‘সংসার যবে মন কেড়ে লয়’, ‘শ্রাবণের ধারার মতো’, ‘যদি এ আমার হূদয় দুয়ার’, ‘এসো নীপবনে’, ‘আগুনের পরশমণি’। প্রকাশিত অ্যালবামটির সংগীত পরিচালনা করেছেন সুজেয় শ্যাম।আলোকচিত্রে ঢাবির গৌরবোজ্জ্বল ইতিহাসবাঙালির প্রতিটি লড়াই-সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা রেখেছেন বিশেষ ভূমিকা। দীর্ঘ ৯০ বছর ধরে শিক্ষার্থীদের পাঠদানের সঙ্গে নানা ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়েছেন এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। এই প্রতিষ্ঠান খ্যাত হয়েছে ‘প্রাচ্যের অক্সফোর্ড’ নামে। নয় দশকের গৌরবোজ্জ্বল সেই ইতিহাস বহু আলোকচিত্রী বন্দী করেছেন নিজেদের ক্যামেরায়। ইতিহাস আর কালের সাক্ষী সেসব আলোকচিত্র নিয়ে ডাকসু সংগ্রহশালার সামনে গত শনিবার শুরু হয়েছে তিন দিনের আলোকচিত্র প্রদর্শনী ‘আলোকচিত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়’।প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস-ঐতিহ্য রক্ষায় অবদান রাখার জন্য তিনজন বরেণ্য ব্যক্তিত্বকে আজীবন সম্মাননা এবং চারজনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। আজীবন সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগের আলোকচিত্রী আজমল হক, আলোকচিত্রী পাভেল রহমান এবং ডাকসুর সংগ্রাহক গোপাল চন্দ্র দাস।এ ছাড়া বিশেষ সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন: বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) আলমগীর হোসেন, আলোকচিত্রী এস এম গোর্কি, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তরের পরিচালক আশরাফ আলী খান ও আলোকচিত্রী ইউসুফ সাদ।প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের প্রথম পর্যায় থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও আলোচিত ঘটনার দুর্লভ আলোকচিত্র স্থান পেয়েছে। আজ সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।