রবীন্দ্রনাথের হাতে হাত রেখে
ঘাস আর গাছের পাতারা তখনো শিশিরভেজা। রাজধানীর ধানমন্ডি থেকে মোহাম্মদপুরগামী রাস্তায় দু-একটি যানবাহন মুহূর্তেই কুয়াশায় মিলিয়ে যাচ্ছে। পথ প্রায় জনশূন্য। তবে গতকাল শুক্রবারের সকালে ছায়ানট ভবনের চিত্রটা অন্য রকম। ভবনের ভেতর প্রবেশ করতেই কানে ভেসে আসছিল গান, ‘ওরে চিত্ররেখাডোরে বাঁধিল কে’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষে ছায়ানট বছরব্যাপী কর্মসূচি নিয়েছে। এর আওতায় গতকাল ছায়ানট ভবনে শুরু হয়েছে ‘রবীন্দ্রনাথের চিত্র-প্রতিলিপি প্রদর্শনী’ এবং ‘রবীন্দ্র-নৃত্যোৎসব’। সকালে ছবি এঁকে প্রদর্শনীর উদ্বোধন করেন ভারতবর্ষের সমকালীন শিল্প-আন্দোলনের বিশিষ্ট চিত্রকর ও শিল্পশিক্ষক কে জি সুব্রহ্মণ্যন। ছায়ানট মিলনায়তনে ‘রবীন্দ্রনাথ ও তাঁর চিত্রকলা’ বিষয়ে বিশেষ বক্তৃতা করেন সুব্রহ্মণ্যন। প্রদর্শনীতে রবীন্দ্রনাথের ৫৪টি চিত্রকর্মের প্রতিলিপি রয়েছে। সকালের অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম। সন্জীদা খাতুনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন আয়োজক আবুল হাসনাত। প্রদর্শনী চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা, ছায়ানট সংস্কৃতি-ভবনে।‘রবীন্দ্র-নৃত্যোৎসব’: সন্ধ্যায় শুরু হয় দুই দিনব্যাপী ‘রবীন্দ্র-নৃত্যোৎসব’। শুরুতে তালে তালে ‘হে নটরাজ’ গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করেন ছায়ানটের শিল্পীরা। ‘রবীন্দ্র-নৃত্যধারা’ শীর্ষক দৃষ্টান্তসহ বক্তৃতা উপস্থাপন করেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শুরুতে ‘অন্তর মম বিকশিত কর’ গানটির সঙ্গে সিলেটের ‘নৃত্যশৈলী’র শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। ‘বাংলার মাটি বাংলার জল’ গানের সঙ্গে একক নৃত্য পরিবেশন করেন তাহিননা ইসলাম। ‘বাজে বাজে রম্যবীণা’ গানের সঙ্গে চট্টগ্রামের ‘ওড়িষী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার’-এর শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে একক নৃত্য পরিবেশন করেন মুনমুন আহমেদ, ফারহানা আহমেদ, সোনিয়া রশীদ, অর্পিতা সোম। ‘এসো শ্যামল সুন্দর’, ‘পৌষ তোদের ডাক দিয়েছে’ ইত্যাদি গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করে বগুড়ার ‘আমরা ক’জনা’ এবং সিলেটের নৃত্যশৈলীর শিল্পীরা। সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।