রবীন্দ্রনাথের ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসঙ্গে রবীন্দ্রনাথের এতগুলো নাটক! আগে দেখা যায়নি। কথা ছিল, জুনের ২০ তারিখের মধ্যেই মঞ্চে আনতে হবে নাটক। তাই ১৪টি দলের তোড়জোড় কম ছিল না। কিন্তু তোড়জোড় থাকলেও সময়মতো কয়েকটি দল নির্দিষ্ট সময়ের মধ্যে তা শেষ করতে পারেনি। তবে কাজ কিন্তু থেমে নেই। ওই কয়েকটি নাটকের কাজ এখন শেষের পথে। আর রবীন্দ্রনাথের এমন ১৪টি নাটক ঢাকার মঞ্চে একটা নতুন মাত্রা যোগ করল। এই নতুন মাত্রায় যোগ দিতে এগিয়ে এসেছে বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়। নাটকগুলো মঞ্চে আনার পুরো অনুদানই তাদের। উপলক্ষ, রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী। বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে এই অনুদান ১৪টি দলকে দেওয়া হয়। জাতীয়ভাবে বছর জুড়েই চলছে এই সার্ধশততম জন্মবার্ষিকীর অনুষ্ঠান। এ বছরের বিভিন্ন উৎসবে নাটকগুলো মঞ্চস্থ হবে। ইতিমধ্যে কয়েকটি দল সম্প্রতি ঢাকার নাট্যোৎসবে এসব নাটক মঞ্চায়নও করেছে, এখনো করছে।রথের রশি ও রথযাত্রা নাটক দুটি একসঙ্গে নিয়ে গোলাম সারোয়ার নির্দেশনা দিলেন কালের যাত্রা। এটি পদাতিক নাট্যসংসদ টিএসসির ব্যানারে মঞ্চে এল। গোলাম সারোয়ার বললেন, ‘আমি কাজটি আনন্দের সঙ্গে করেছি। সুযোগ পাওয়াটা মনে হয়েছে আকাশের চাঁদ হাতে পাওয়া। এর আগে রবীন্দ্রনাথ নিয়ে কাজ করেছি। তবে এবার স্বতঃস্ফূর্তভাবে কাজটি করেছি। নায়লা আজাদ নূপুরের নির্দেশনায় থিয়েটার মঞ্চে এনেছে মুক্তধারা নাটকটি। একই নাটক আবার মঞ্চে এনেছে চট্টগ্রামের গণায়ন নাট্যসম্প্রদায়। নাটকটির নির্দেশনা দিয়েছেন কুন্তল বড়ুয়া। নাগরিক নাট্যাঙ্গন মঞ্চে এনেছে মুক্তির উপায়। নাট্যরূপ, নির্দেশনা লাকী ইনাম। ‘রবীন্দ্রনাথের এটা একটা অজনপ্রিয় গল্প। তাঁর বিখ্যাত রচনাবলি থেকে অনেক দূরে গল্পটি। তবে আমার কাছে গল্পটি পড়ে অসাধারণ মনে হয়েছে।’ বললেন লাকী ইনাম। ‘রবীন্দ্রনাথের কাজটি করতে পেরে আমি ধন্য। কেননা, আমার জনমে রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী পেলাম। তাও আবার আমার কর্মজীবনের মধ্যে। এবং সার্ধশততম বার্ষিকীর কাজও আমি করে যেতে পারলাম। এ এক অসাধারণ অনুভূতি!’ স্বপ্নদল করল চিত্রাঙ্গদা নাটকটি। নাটকটির নির্দেশক জাহিদ রিপনের অনুভূতি এমন, ‘১৮৯২ সালে রবীন্দ্রনাথ এটি কাব্যনাটক হিসেবে লেখেন, ১৯৩৬ সালে আবার নৃত্যনাট্য হিসেবে তুলে আনেন। এর মধ্যে ১৮৯২ সালে প্রথম নাটকটি লেখার পরপরই ওই বাংলার অ্যামারেল থিয়েটার নাটকটি মঞ্চে আনলেও নিয়মিত করতে পারিনি। বর্তমান সময়ে এসে ১১৯ বছরের মধ্যে স্বপ্নদলই নাটকটি নিয়ে নিয়মিত মঞ্চায়নের যাত্রা শুরু করল। এই দিক দিয়ে নিজের কাছে অসম্ভব ভালো লাগছে। আরও বেশি ভালো লাগছে যে, রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী ঘিরে নাটকটি নিয়ে কাজ করতে পারলাম।’ এদিকে রবীন্দ্রনাথের নষ্টনীড় নাটকটি মঞ্চে এনেছে ঢাকা থিয়েটার। এটির নির্দেশনা দিয়েছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়। ঢাকা পদাতিকের ব্যানারে মাসুম আজিজের নাট্যরূপ, নির্দেশনায় মঞ্চে আসছে আপদ নাটকটি। মাসুম আজিজ বললেন, এটি রবীন্দ্রনাথের নাটক তো, এ জন্য নিজের মধ্যে ভয়, আতঙ্ক, জড়তা কাজ করছে। তবে নাটকটিকে আমি মঞ্চে স্বাভাবিকভাবেই তুলে আনার চেষ্টা করেছি। এবং গল্পের প্রতি যতটুকু বিশ্বস্ত থাকা যায়, সেভাবেই কাজটি করেছি।’ এ নাটকটি আগামী ২৫ জুন জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে উদ্বোধনী মঞ্চায়ন হবে। রবীন্দ্রনাথের কবিতা থেকে করা নাটক দেবতার গ্রাস মঞ্চে আনল মণিপুরী থিয়েটার। শুভাশিস সিনহার নির্দেশনায় নাটকটি মণিপুরি ভাষায় মঞ্চে আনা হয়েছে। রবীন্দ্রনাথের ১৪টি নাটকের অন্য নাটকগুলো হলো আশীষ খন্দকারের নির্দেশনায় নাট্যধারার রথের রশি, শামীম সাগরের নির্দেশনায় পালাকারেরও একই নাটক মঞ্চে এল। মহাকাল নাট্যসম্প্রদায়ের নিশিমন বিসর্জন। এই নাটকের নির্দেশক আশিকুর রহমান লিয়ন। আহমেদ ইকবাল হায়দারের নির্দেশনায় তির্যক নাট্যদলের চট্টগ্রামের রাজা, বিভাস বৃষ্ণ চৌধুরীর নির্দেশনায় দ্যাশ বাঙলা থিয়েটারের চণ্ডালিকা, লোক নাট্যদল বনানীর বৈকুণ্ঠের খাতা। এটির নির্দেশনা দিয়েছেন কামরুন নূর চৌধুরী।