রবীন্দ্রনাথের ১৪ নাটক আসছে আরও ১০টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূর্যের কিরণের মতো রবীন্দ্রনাথও তাঁর অসামান্য অজস্র রচনাসম্ভার দিয়ে আলোকিত করেছেন বাংলা সাহিত্যের সবগুলো শাখাকে। ছোট গল্প, উপন্যাস, কবিতা, গান, নাটক, ভ্রমণকাহিনি, শিশুসাহিত্য, পত্রসাহিত্য, সমালোচনাসাহিত্য তথা সবখানে সাবলীলভাবে বিচরণ করেছেন।উনিশ শতকের সূর্যসন্তান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে। রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে সম্প্রতি ঢাকার ১৪টি নাটকের দল রবীন্দ্রনাথের নাটক বা কাহিনি অবলম্বনে সাহিত্যকর্মে নির্মাণ করেছে ১৪টি নাটক।এই নাটকগুলোর সব কটিই রাজধানীর বিভিন্ন মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে। গত ৫ মে জাতীয় নাট্যশালায় থিয়েটার (বেইলি রোড) প্রথম মঞ্চস্থ করে মুক্তধারা। এ নাটকের নির্দেশনা দিয়েছেন নায়লা আজাদ। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে ২ জুন দুই বাংলার নাট্যোৎসবে লোকনাট্য দল (বনানী) মঞ্চস্থ করে কবিগুরুর বৈকুণ্ঠের খাতা। নির্দেশনায় ছিলেন কামরুন-নুর-চৌধুরী। ৬ জুন মহাকাল নাট্যসম্প্রদায় বিসর্জন-এর কাহিনি আশ্রয়ে নির্মিত নিশিমন বিসর্জন মঞ্চস্থ করে। আনন জামানের নাট্যরূপে প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন আশিক রহমান।মণিপুরি থিয়েটার প্রযোজিত মণিপুরি ভাষায় নাট্যরূপে শুভাশিস সিনহা নির্দেশিত দেবতার গ্রাস মঞ্চে আসে ১৩ জুন। দ্যাশ-বাংলা থিয়েটার প্রযোজিত চণ্ডালিকা নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয় ১৪ জুন। এ প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন বিভাস বিষ্ণু চৌধুরী। রবীন্দ্রনাথের চারটি নাটক মঞ্চস্থ হয়েছে ১৫ জুন। চট্টগ্রামের জনপ্রিয় নাট্যদল তির্যক মঞ্চস্থ করে রাজা। এ প্রযোজনার নির্দেশনা দিয়েছেন তির্যকের দলপ্রধান আহমেদ ইকবাল হায়দার। একই দিনে রথের রশি নাটক নিয়ে আসে পালাকার। চট্টগ্রামের আরেক দল গণায়ন একই দিনে মঞ্চে আনে মুক্তধারা। চতুর্থ নাটকটি মঞ্চস্থ করে পদাতিক নাট্য সংসদ । কবিগুরুর আলোচিত দুই নাটক রথের রশি এবং রথযাত্রার সমন্বয়ে নির্মিত নাটক কালের যাত্রা মঞ্চস্থ হয়। নাটকের নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার। ১৬ জুন ঢাকা থিয়েটারের ৩৫তম প্রযোজনা নষ্ট নীড় মঞ্চে আসে নাট্যজন পীযূষ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায়। একই দিনে জাহিদ রিপন নির্দেশিত স্বপ্ন দলের চিত্রাঙ্গদা মঞ্চস্থ হয়। নাগরিক নাট্যাঙ্গন প্রযোজিত মুক্তির উপায় নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয় ২১ জুন। নাট্যধারার রথের রশি প্রথম প্রদর্শিত হয় ২৪ জুন। আশীষ খন্দকারের নির্দেশনায় দলের ১৯তম প্রযোজনায় উঠে এসেছে রাজনৈতিক বিশ্লেষণ। ২৫ জুন মঞ্চস্থ হয় মাসুম আজিজের নাট্যরূপ ও নির্দেশনায় রবীন্দ্রনাথের ছোট গল্প অবলম্বনে আপদ নাটকটি। মঞ্চে আসা নতুন এই ১৪টি নাটক সামগ্রিকভাবে মানসম্পন্ন হয়েছে বলে মন্তব্য করলেন আইটিআইর (বিশ্ব) সভাপতি নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। তিনি বলেন, ‘এতে করে দর্শকের রুচির পরিবর্তন হবে।’জানা গেছে, রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে গত অর্থবছরে ২০ লাখ টাকায় এই ১৪টি নাটক মঞ্চে এসেছে। চলতি অর্থবছরে আরও ১০টি নাটকের প্রযোজনার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান রামেন্দু মজুমদার। এতে আরও ১০টি নাটকের জন্য ২০ লাখ টাকা অনুদানের প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি আরও জানান, এই মোট ২৪টি নাটক নিয়ে রবীন্দ্র নাট্য উৎসব করার পরিকল্পনা রয়েছে। নতুন প্রযোজিত নাটকগুলোর বেশ কয়েকটির ক্ষেত্রে দেখা গেছে, বিলম্বে অর্থ বরাদ্দ হওয়ার ফলে শেষ মুহূর্তে অনেকটা তাড়াহুড়া করে নাটক মঞ্চে আনতে হয়েছে। নিয়ম অনুযায়ী গত ৩০ জুনের মধ্যেই নাটকগুলো মঞ্চস্থ করতে হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্দেশক প্রথম আলোকে বলেন, ‘যেহেতু নির্দিষ্ট সময়ের ভেতরে নাটক মঞ্চে আনতে হবে, তাই প্রস্তুতি অনেকটা অসমাপ্ত রেখেই কারিগরি প্রদর্শনীর মতো আমরা নাটক মঞ্চে এনেছিলাম।’ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী বলেন, ‘রবীন্দ্রনাথ বাংলা নাটকের প্রধান নাট্যকার হলেও বিগত ৪০ বছরে ঢাকার মঞ্চে তাঁর নাটক তেমন বেশি হয়নি। তাই এবারের কার্যক্রমকে আমি যুগান্তকারী বলব।’