রবীন্দ্রনাথের ‘কঙ্কাল’ নিয়ে আতিকের নাটক
রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ থেকে ১৩টি গল্প নিয়ে নাটক তৈরি করছেন নুরুল আলম আতিক। তাঁর এবারের গল্প কঙ্কাল। আতিক জানালেন, অতি প্রাকৃতিক আবহে উপস্থাপিত সমাজ বাস্তবতার এক অন্য রকম গল্প কঙ্কাল। চিকিৎসা বিজ্ঞানের এক ছাত্র তাঁর নিজের ঘরে ঝুলিয়ে রাখা কঙ্কালের অতীত ইতিহাস ভাবতে গিয়ে মুখোমুখি হয় অন্য রকম অভিজ্ঞতার। তিনি জানতে পারেন—অল্প বয়সে বিধবা হয়ে পিতৃগৃহে ফিরে আসে এক নারী। যখন তিনি পরিণত যৌবনে পৌঁছায় তখন প্রতিনিয়ত নিজের মুখোমুখি হয়ে নিজের চাহিদাগুলোর ব্যর্থ পরিণতি দেখে। তাঁর অপ্রাপ্তিগুলো তাঁকে পৌঁছে দেয় মৃত্যু অবধি। অতৃপ্ত জৈব-মানসিক যন্ত্রণার শিকার এক বিধবা নারীর বেঁচে থেকেই কঙ্কাল হয়ে থাকার উপাখ্যান প্রত্যক্ষ করে চিকিৎসা বিজ্ঞানের সেই ছাত্র।যৌথভাবে নাটকটির নাট্যরূপ দিয়েছেন নুরুল আলম আতিক ও প্রসূন রহমান। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ফারাহ রুমা ও প্রসূন রহমান। সঙ্গে আরও আছেন শাহরিয়ার পুলক ও দেবাংশু হোর।মাছরাঙা টিভিতে এখন প্রতি রোববার প্রচারিত হচ্ছে ‘গল্পগুচ্ছ’। কাল রাতে দেখানো হবে নাটকটি।