রবীন্দ্রনাথের ‘চিত্র-প্রতিলিপি প্রদর্শনী’ ও ‘রবীন্দ্র-নৃত্যোৎসব’
রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবর্ষে ছায়ানট আয়োজন করছে বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠান। ‘রবীন্দ্রনাথের হাতে হাত রেখে বাংলাদেশ’ শিরোনামে বছরব্যাপী এই আয়োজনের সূচনা হয় গত শ্রাবণে। প্রথমটি ছিল দুই দিনব্যাপী রবীন্দ্র উৎসব, দ্বিতীয়টি ‘শতবর্ষে গীতাঞ্জলি’ আর তৃতীয় আয়োজন ‘বাংলাদেশে রবীন্দ্রনাথ’। আজ শুক্রবার অনুষ্ঠিত হবে বছরব্যাপী আয়োজনের চতুর্থটি, ‘রবীন্দ্রনাথের চিত্র-প্রতিলিপি প্রদর্শনী’। প্রদর্শনীতে থাকছে রবীন্দ্রনাথের ৫৪টি চিত্রকর্মের প্রতিলিপি। ছায়ানট সংস্কৃতি-ভবনে এই প্রদর্শনী উদ্বোধন করা হবে সকাল ১০টায়। উদ্বোধন করবেন ভারতবর্ষের সমকালীন শিল্প-আন্দোলনের বিশিষ্ট চিত্রকর ও শিল্পশিক্ষক কে জি সুব্রহ্মণ্যন্। ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে ‘রবীন্দ্রনাথ ও তাঁর চিত্রকলা’ বিষয়ে বিশেষ বক্তৃতা করবেন তিনি।‘রবীন্দ্রনাথের চিত্র-প্রতিলিপি প্রদর্শনী’ চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত।একই সঙ্গে শুরু হচ্ছে পঞ্চম আয়োজন, ‘রবীন্দ্র-নৃত্যোৎসব’। আজ এবং কাল সন্ধ্যা সাড়ে ছয়টায় ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই উৎসব। আজ শুক্রবার ‘রবীন্দ্র-নৃত্যধারা’ শীর্ষক দৃষ্টান্তসহ বক্তৃতা উপস্থাপন করবেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়। কাল শনিবার অনুষ্ঠিত হবে নৃত্যনাট্য চণ্ডালিকা। এ ছাড়া দুই দিনই একক ও দলীয় নৃত্য পরিবেশন করবেন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বগুড়া, রাজশাহী ও খুলনার নৃত্যশিল্পীরা।