রবীন্দ্রনাথের ‘জন্ম দেড় শত বর্ষ’ প্রকাশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকবি রবীন্দ্রনাথের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের নিয়মিত প্রকাশনা সচিত্র বাংলাদেশ, নবারুণ ও বাংলাদেশ কোয়ার্টারলি বিশেষ সংখ্যা প্রকাশ করেছে।গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে সংখ্যাগুলোর আবরণ উন্মোচন করেন প্রধান অতিথি শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। জ্যেষ্ঠ সম্পাদক মোহাম্মদ হাননান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।অনুষ্ঠানে বক্তারা ১৯৬১ সালের রবীন্দ্রজন্মশতবর্ষ উপলক্ষে তৎকালীন নানা ঘটনা উল্লেখ করে বলেন, সেদিন তথ্য মন্ত্রণালয় রবীন্দ্রনাথকে কার্যত নিষিদ্ধ করার চেষ্টা করেছিল। কিন্তু আজ পরিস্থিতি পাল্টেছে। ১৯৬১ সালের ঘটনার পঞ্চাশ বছর পর স্বাধীন বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ই রবীন্দ্রনাথের সার্ধশতবর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ও স্মারকের আয়োজন করেছে। এ জন্য সরকারি উদ্যোগের প্রশংসা করা হয়।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, রবীন্দ্রনাথ একটি শক্তি, যার কাছে অপশক্তি বারবার মাথা নোয়াতে বাধ্য হয়েছে।পরে রবীন্দ্রনাথ থেকে আবৃত্তি ও সংগীত পরিবেশন করা হয়।